বিচারকদের সামাজিক মাধ্যম ব্যবহারে সতর্কতা জারি

সামাজিক যোগাযোগমাধ্যমে বিচারিক কর্মকর্তাদের অপ্রয়োজনীয় স্ট্যাটাস দেওয়া, মন্তব্য করা বা শেয়ার না করার নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। গত ১০ সেপ্টেম্বর প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নির্দেশনায় এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি দেয় সুপ্রিম কোর্ট প্রশাসন।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঁইয়ার সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে যে, কতিপয় বিচার বিভাগীয় কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ সালের ২২ সেপ্টেম্বর ও ২০২৩ সালের ১৬ এপ্রিলের প্রদত্ত নির্দেশনা মানছেন না। বিষয়টি অনাকাক্সিক্ষত, অনভিপ্রেত।

কোর্টের (সুপ্রিম কোর্ট) গোচরীভূত হয়েছে যে, কোনো কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা বিচারিক কর্মঘণ্টায় সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছেন এবং কোনো কোনো বিচার বিভাগীয় কর্মকর্তা সামাজিক যোগাযোগমাধ্যমে তার নিয়োগকারী ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ সম্পর্কে বিরূপ মন্তব্য করছেন, যা চাকরি ও বিধিমালার পরিপন্থি এবং অসদাচরণের শামিল।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরিস্থিতিতে প্রধান বিচারপতি বিচার বিভাগীয় কর্মকর্তাদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে ২০১৯ ও ২০২৩ সালের নির্দেশনাগুলো মেনে চলার নির্দেশ দিয়েছেন। কোনো অবস্থাতেই সামাজিক যোগাযোগমাধ্যমে চাকরির শৃঙ্খলা পরিপন্থি অপ্রয়োজনীয় কোনো স্ট্যাটাস, মন্তব্য বা শেয়ার না করতে কঠোরভাবে নির্দেশনা দিয়েছেন।