তৌফিক-ই-ইলাহী চার দিনের রিমান্ডে

রাজধানীর বাড্ডার প্রগতি সরণি এলাকায় সুমন সিকদার হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্যুৎ ও জ¦ালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গতকাল বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালতে জামিন ও রিমান্ড শুনানির পর বিচারক জামিনের আবেদন নাকচ করে চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপপরিদর্শক রেজাউল আলম তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে তৌফিক-ই-ইলাহী যেন নিরাপদে আদালত এলাকা থেকে বের হতে পারেন সেই ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন বিচারক। এদিকে সেনা ও পুলিশ বাহিনীর পাহারায় তৌফিক-ই-ইলাহীকে আদালতে হাজির করা হয়। এ সময় বিএনপি-জামায়াতপন্থি কিছু আইনজীবী বিভিন্নভাবে তৌফিক-ই-ইলাহীকে নাজেহাল করার চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে।

গত ১০ সেপ্টেম্বর রাতে তৌফিক-ই-ইলাহীকে রাজধানীর গুলশানের তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) একটি দল।