ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত 

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে শামীম নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন। গত মঙ্গলবার রাত ১২টার দিকে এলজিইডি কার্যালয়ের কাছে ফতুল্লার বিলাশনগর এলাকায় এ হত্যাকান্ড ঘটে।

নিহত শামীম (১৮) ফতুল্লার ইসদাইর সুগন্ধা আবাসিক এলাকার জনুব আলীর ছেলে। তিনি কায়েমপুর এলাকার একটি পোশাক কারখানায় কাজ করতেন। নিহতের বন্ধু বিজয় ও সৈকত জানান, শামীমসহ তারা তিন বন্ধু কারখানা থেকে বাসায় ফেরার পথে বুড়ির দোকান এলাকার শুক্কুর ও তার ১৫/২০ সহযোগী বিলাশনগরে শামীমের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তখন বাধা দিলে শুক্কুরসহ তার লোকজন বিজয় ও শামীমকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। বিজয়ের হাতে ও শামীমের বুকের নিচে ছুরির আঘাত লাগে। এ সময় শামীম মাটিতে পড়ে গেলে শুক্কুর লোকজন নিয়ে পালিয়ে যায়। পরে শামীমকে ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। শামীমের বড় ভাই বাবলু বলেন, ‘আমার ভাইকে যারা হত্যা করেছে তাদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’ ফতুল্লা মডেল থানার ওসি সোলায়মান মাহমুদ জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হত্যাকা-ে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।