প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী এবং কুড়িগ্রাম-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) জাকির হোসেনের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ ছাড়া ঢাকা-১৮ আসনের সাবেক এমপি হাবিব হাসান, বগুড়া-৩ আসনের অ্যাডভোকেট নুরুল ইসলাম ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি আব্দুল ওদুদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। গতকাল বুধবার এসব অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়। দুদকের কাছে থাকা অভিযোগে বলা হয়, কুড়িগ্রাম-৪ আসন থেকে এমপি নির্বাচিত হওয়ার পর অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলেন সাবেক প্রতিমন্ত্রী জাকির হোসেন। দুদকের গোয়েন্দা অনুসন্ধানে প্রাথমিকভাবে অভিযোগের প্রমাণ পাওয়ায় দুদকের প্রধান কার্যালয় থেকে প্রকাশ্যে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়া হয়।
অভিযোগে আরও বলা হয়, জাকির হোসেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী থাকাকালে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে কুড়িগ্রামে ২৬টি বিদ্যালয় শিশুকল্যাণ ট্রাস্টে অন্তর্ভুক্তির অনুমোদন দেন। তিনি অবৈধ অর্থে কুড়িগ্রামের রৌমারীতে ১০ শতাংশ জমিতে দোতলা বাড়ি নির্মাণ করেন। এ ছাড়া রৌমারীতে ৩ দশমিক ২৮ একর জমিতে মার্কেট ও চাতাল রয়েছে। বিভিন্ন ব্যাংক ও ব্যবসায় বিনিয়োগসহ তার ৫ কোটি ১৮ লাখ ৯০ হাজার ৬৩ টাকার সম্পদ রয়েছে। এ ছাড়া তার দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোয়েন্দা শাখায় রয়েছে। তার নামে-বেনামে ঢাকায় একাধিক বাড়ি, রংপুরে বাড়ি, কুড়িগ্রাম জেলা শহরে বহুতল বাড়ি এবং রাজিবপুর উপজেলায়ও রয়েছে একটি বাড়ি। চারটি মার্কেট, সরকারি ও ব্যক্তিমালিকানাধীন জমি দখল করে পাঁচটি স্থানে ব্যবসাপ্রতিষ্ঠান তৈরি করেছেন। মিল, চাতাল, খামারবাড়ি সবই আছে তার। যার মূল্য কয়েকশ কোটি টাকা।
জাকির হোসেনের বিরুদ্ধে সীমান্তবর্তী রৌমারী, রাজিবপুর ও চিলমারীতে মাদক ব্যবসা, ভূমিদস্যু, তদবির-বাণিজ্য ও শিক্ষক নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ আছে। রাতের আঁধারে শিক্ষাপ্রতিষ্ঠানের নামে জমি দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলাসহ অবৈধ উপায়ে সম্পদ দখলের অভিযোগও আছে তার বিরুদ্ধে। প্রতিমন্ত্রীর স্ত্রী সুরাইয়া সুলতানা ১৪ বছর ধরে কর্মস্থলে না গিয়েও নিয়মিত বেতন-ভাতা তোলেন বলে তথ্য পাওয়া গেছে। এ ছাড়া মন্ত্রীর ছত্রছায়ায় এলাকার ত্রাসের রাজত্ব প্রতিষ্ঠা করার অভিযোগ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে।
অন্যদিকে, সাবেক এমপি হাবিব হাসানের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ স্ত্রী ও পরিবারের নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। তার ছেলে আবির হাসান তানিমের নামে কানাডার ‘বেগমপাড়ায়’ ১৫ লাখ ৫০ হাজার কানাডিয়ান ডলারে বাড়ি কেনেন। এ ছাড়া তার দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের তথ্য গোয়েন্দা শাখার কাছে রয়েছে।
সাবেক এমপি নূরুল ইসলাম তালুকদারের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে বাকাদাহ খাড়ি খনন প্রকল্পসহ বিভিন্ন প্রকল্পের অর্থ কাজ সম্পন্ন না করে আত্মসাৎ করেছেন। রাজধানীসহ বিভিন্ন জায়গায় বাড়ি ও ফ্ল্যাট ক্রয়সহ স্ত্রী-সন্তানদের নামে কাটি কোটি টাকার সম্পদ অর্জন করেন।
সাবেক এমপি আব্দুল ওদুদের বিরুদ্ধে অভিযোগ, তিনি ক্ষমতার অপব্যবহার, বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ স্ত্রী ও পরিবারের সদস্যদের নামে কোটি কোটি টাকার সম্পদ অর্জন করেছেন। এ ছাড়া তার দেশ-বিদেশে বিপুল পরিমাণ অবৈধ সম্পদ থাকার তথ্য গোয়েন্দা শাখায় রয়েছে।