এমএ রশিদ হাসপাতালে জামালপুরের প্রথম আইসিইউ এবং এইচডিইউ উদ্বোধন

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেডের সহ প্রতিষ্ঠান, জামালপুরের এম.এ.রশিদ হাসপাতাল ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) এবং এইচডিইউর উদ্বোধন করেছে। মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জামালপুর শহরের এই প্রথম ১০ শয্যা বিশিষ্ট আইসিইউ এবং এইচডিইউ এর কার্যক্রম চালু হলো।

জামালপুর শহরের সেরা ক্রিটিকাল কেয়ার সেবা দেওয়ার উদ্দেশ্যে হাসপাতালের আইসিইউ এবং এইচ ডি ইউ আধুনিক প্রযুক্তি ও চিকিৎসা সরঞ্জামে সজ্জিত করা হয়েছে। এখানে সকল ধরনের জটিল রোগের চিকিৎসা সেবা দ্রুত নিশ্চিত করতে পারে। ক্রিটিক্যাল কেয়ার প্রয়োজন এমন রোগীদের সেবা দিতেও এখন এম.এ.রশিদ হাসপাতাল সক্ষম হবে। এতে অনেক রোগী জরুরী অবস্থায় খুব দ্রুত এই সেবাগুলো এখন থেকে জামালপুরেই গ্রহণ করতে পারবেন। হাসপাতালের ডিরেক্টর অপারেশনস মেজর (অব:) ডা: মিজানুর রহমান পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। 

ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ফাইজুর রহমান তার উদ্বোধনী বক্তব্যে বলেন, "সারাদেশে স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষে নিরন্তর কাজ করে যাছে ইউনাইটেড হেলথকেয়ার। কমিউনিটি ডেভেলপমেন্টের কাজে আমরা প্রতিনিয়ত নিজেদের উজাড় করে থাকি। এই আইসিইউ এবং এইচ ডি ইউ জামালপুরে আমাদের চিকিৎসার মান বাড়াতে সাহায্য করবে এবং আমরা আশা করি এটি আমাদের রোগীদের জন্য নিরাপত্তা এবং যত্নের ক্ষেত্রে নতুন একটি মাত্রা যোগ করবে।" 

অনুষ্ঠানের প্রধান অতিথি জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা. এম. এ. কে আজাদ তার বক্তব্যে এম.এ.রশিদ হাসপাতাল এর উন্নত চিকিৎসা সেবার ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, “জেলা শহরে এরকম মানের হাসপাতাল সত্যিই প্রশংসার দাবিদার। এর মাধ্যমে আমাদের জামালপুর শহরের মানুষ স্বল্প খরচে নিজ শহরেই এখন চিকিৎসা নিতে পারছে। মানসম্মত স্বাস্থ্য সেবা দেয়ার লক্ষে কাজ শুরু করা জামালপুরের এই হাসপাতালটি অসাধারণ ভাবে তাদের কার্যক্রম পরিচালনা করছে।”

নতুন আইসিইউতে প্রশিক্ষণপ্রাপ্ত চিকিৎসক এবং নার্সদের একটি সমৃদ্ধ টিম আছেন, যারা দিনরাত ২৪ ঘণ্টা রোগীদের সেবা দিতে প্রস্তুত। উল্লেখ্য যে, এম.এ.রশিদ হাসপাতাল ২৫০ শয্যার একটি টারশিয়ারি লেভেল হাসপাতাল। প্রতিষ্ঠানটি ২০২১ সাল থেকে জামালপুর বাসীকে আধুনিক ও উন্নততর চিকিৎসাসেবা প্রদান করে আসছে।

উক্ত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজ এর চিকিৎসকদের মধ্য থেকে ডা: মেহেদী হাসান, ডা: সাইফুল্লাহ কবীর, ডা: মাহমুদুল হাসান, ডা: কাজী এজাজুল ফেরদৌস, ডা: হারুন-অর-রশিদ, ডা: সোলাইমান কবির দীপন, ডা: নুরুজ্জামান মুরাদ, ডা: আল রাজী, ডা: সানাউল্লাহ সানু, ডা: সোহ্ রাব আলী; ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ডা: ওমর ফারুক ও অধ্যাপক ডা: মতিউর রহমান; এম এ রশিদ হাসপাতালের চিকিৎসকবৃন্দ ও হাসপাতালের নিজস্ব চিকিৎসক, কর্মকর্তা কর্মচারীবৃন্দ।