বুবলীকে নিয়ে পরিচালকের বাজি

এম ডি ইকবালের ‘বিট্রে’ ও জসিম উদ্দীন জাকিরের ‘মায়া-দ্য লাভ ২’ ছবি দুটি থেকে বাদ পড়ার পর শবনম বুবলীকে আর কোনো নতুন সিনেমার খবরে পাওয়া যায়নি। এবার জানা গেল প্রায় আট মাস পর নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সিনেমাটির নাম ‘নীল টিপ’। এটি পরিচালনা করবেন মেহেদি হাসান।

পরিচালক গণমাধ্যমে বলেন, ‘ছবিটির গল্প বুবলির ওপরই। তিনিও গল্পটা বেশ পছন্দ করেছেন। আসলে আমাদের দেশে নারীপ্রধান গল্পে ছবি নির্মিত হয় কম। একটা সময় শাবানা ম্যাডামের ওপর ছবি নির্মিত হতো। আমিও এই সময় বুবলীর ওপর বাজি ধরেছি। দর্শকদের ভালো একটা ছবি উপহার দিতে চাই।’

বুবলীর বিপরীতে কে অভিনয় করবেন সে প্রসঙ্গে তিনি বলেন, বুবলীর সঙ্গে আমরা নাটকের একজন অভিনেতাকে নিতে চাই। এখনো চূড়ান্ত হয়নি বলে নাম বলতে চাই না।

জানা গেছে, শিগগিরই শুরু হবে শুটিং।