ফাহিমা-শামিমার নৈপুণ্যে ৭ উইকেটের জয় বাংলাদেশের

কলম্বোর পি সারা ওভালে শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে ৭ উইকেটে দাপুটে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করলো বাংলার নারীরা। আজ স্বাগতিকদের দেওয়া ১১৩ রানের লক্ষ্য ৭ বল ও ৭ উইকেট হাতে রেখেই ছুঁয়ে ফেলেন শামিমা-সোবহানারা। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-০ তে এগিয়ে গেলো বাংলাদেশ। এর আগে ওয়ানডে সিরিজও জিতে নিয়েছিলো রাবেয়া খানের নেতৃত্বে বাংলাদেশ নারী ‘এ’ দল।

আজ টস জিতে শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও লঙ্কানদের উদ্বোধনী জুটি ভাঙতে বেগ পেতে হয়। অবশেষে ১৩তম ওভারে জোড়া সাফল্য এনে দেন ফাহিমা খাতুন। ৭২ রানের উদ্বোধনী জুটি ভাঙার ৪ রানের মধ্যে ৪ উইকেট খুঁইয়ে বসেন লঙ্কানরা। আর খেলায় ফিরতে না পেরে ৭ উইকেটে ১১২ রানেই থামে লঙ্কানদের ইনিংস।

৩ ওভারে ১২ রান খরচায় ফাহিমা শিকার করেন ৩ উইকেট। সুলতানা খাতুন, রিতু মনি, জাহানারা আলম ও রাবেয়া নেন ১টি করে উইকেট। ৩৫ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন কৌশিনি নুথইয়াঙ্গা। ৪০ বলে ২৭ রান করেন নেথমি পুর্না।

জবাবে পাওয়ার প্লেতেই ৪০ রানের উদ্বোধনী জুটি গড়েন শামিমা সুলতানা ও সাথি রানি। ২২ বলে ২০ রান করে ফেরেন সাথি। দ্বিতীয় উইকেটে শামিমা ৫৪ বলে ৫৬ রানের জুটি গড়েন সোবহানা মোস্তারির সঙ্গে। ৪৪ বলে ৫ চার ও ১ ছক্কায় ৪৮ রান করে শামিমা আউট হলে ভাঙে এই জুটি। জয় থেকে ৫ রান দূরে থাকতে সোবহানা ফেরেন ৩১ বলে ২৮ রান করে। ১১ রানে মুরশিদা খাতুন ও ১ রানে তাজ নেহার অপরাজিত থেকে বাকি পথ পাড়ি দেন। লঙ্কানদের মালশা শেহানি ২ উইকেট পান।

আগামীকাল এই মাঠেই সিরিজের দ্বিতীয় ম্যাচ। ১৫ সেপ্টেম্বর তৃতীয় টি-টোয়েন্টি হবে সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে। ১৭ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচ থ্রুস্টান কলেজ গ্রাউন্ডে এবং ১৯ সেপ্টেম্বর সিরিজের শেষ টি-টোয়েন্টির ভেন্যু কোল্টস ক্রিকেট ক্লাব গ্রাউন্ড।