দেশকে এক করতে ক্রীড়া শক্তির কথা শান্তদের স্মরণ করিয়ে দিলেন প্রধান উপদেষ্টা

পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ জয়ের পরপরই ফোনে শুভেচ্ছা জানিয়েছিলেন দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। ক্রিকেটাররা দেশে ফেরার পর আজ তার কার্যালয় যমুনায় পুরো দলকে সংবর্ধনা জানান তিনি।

ক্রিকেটারদের স্বাগত জানানোর পর প্রধান উপদেষ্টা পাকিস্তানে প্রাপ্ত এ সাফল্যকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেন। জাতীয় ক্রিকেট দলের এ জয় পুরো জাতিকে গর্বিত করেছে বলে মন্তব্য করেন ড. ইউনূস। ক্রিকেটারদের উদ্দেশে তিনি বলেন ‘আমি অধিনায়কের সঙ্গে আগেই কথা বলেছিলাম। কিন্তু আপনাদের সবার সঙ্গে দেখা করার এবং দেশের সর্বস্তরের মানুষের পক্ষ থেকে অভিনন্দন জানাতে অধীর অপেক্ষায় ছিলাম।’

প্রফেসর ইউনূস একটি জাতিকে একত্রিত করার জন্য ক্রিকেটারদের খেলাধুলার শক্তির কথা মনে করিয়ে দেন। প্যারিস অলিম্পিকের প্রসঙ্গ টেনে প্রধান উপদেষ্টা জানান, মিলানো কর্টিনায় ২০২৬ সালের শীতকালীন অলিম্পিকে অনুরূপ ভূমিকা পালনের জন্য ইতালির পক্ষ থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। 

মুশফিকের সেঞ্চুরির ক্লিপ দেখছেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এ আয়োজনের জন্য কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘প্রত্যেক খেলোয়াড়ই এখানে আসতে পেরে খুশি। এটি আমাদের অনেক অনুপ্রাণিত করবে।’ এ সময় পাকিস্তানে দলের সাফল্যের পেছনে খেলোয়াড় ও কোচিং স্টাফদের কঠোর পরিশ্রম মুখ্য ভূমিকা পালন করেছে বলে জানান বাংলাদেশ অধিনায়ক। 

জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে এ সময় উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, বিসিবি সভাপতি ফারুক আহমেদ, পরিচালক নাজমুল আবেদীন ফাহিম ও প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন।

বিসিবি সভাপতি ফারুক আহমেদের সঙ্গে প্রধান উপদেষ্টা