বাবাকে হত্যা করে পালাচ্ছিলেন দুই ভাই, বিমানবন্দরে ধরা

সম্পত্তির ভাগ নিয়ে দ্বন্দ্বের জেরে বাবাকে কুপিয়ে হত্যা করে বিদেশে পালানোর সময় শাহ আমানত আন্তর্জাতিক ও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ধরা পড়েছেন দুই সহোদর নিজাম উদ্দিন (৩১) ও মিজানুর রহমান (২৫)। 

এদের মধ্যে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় দুবাই যাওয়ার প্রাক্কালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশের হাতে ধরা পড়েন নিজাম উদ্দিন। এর আগে ভোর পাঁচটায় কাতার যাওয়ার প্রাক্কালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ধরা পড়েন মিজানুর রহমান।  

পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার দিবাগত রাত ৮টার দিকে কর্ণফুলী উপজেলার বড় উঠান ইউনিয়নের আব্দুর রহমান প্রকাশ গোয়ালের বাড়িতে সম্পত্তির ভাগ নিয়ে পিতা-পুত্রের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে বাবা নুরুল হক চৌধুরীকে (৬৫) কুপিয়ে হত্যা করেন দুই সহোদর। ঘটনার পর দুজনই পালিয়ে যান। 

এ ঘটনায় কর্ণফুলী থানায় দুই সহোদরকে আসামি করে হত্যা মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন কর্ণফুলী থানার ওসি (তদন্ত)  মেহেদী হাসান। 

এ বিষয়ে সিএমপি’র বন্দর  জোনের উপ-কমিশনার (ডিসি) শাকিলা সোলতানা জানান, বিমানবন্দর  থেকে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। কর্ণফুলী থানার একটি টিম ঢাকায় আটক আরেক আসামিকে চট্টগ্রামে নিয়ে আসছে।