রেললাইনে বাবা-ছেলে, ঘরে মায়ের ঝুলন্ত লাশ

রেললাইনের উপর পড়ে রয়েছে বাবা এবং ছেলের ক্ষতবিক্ষত লাশ। ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হলো মায়ের লাশ। একই পরিবারের তিনজনের মৃত্যু ঘিরে হুলস্থুল পড়েছে ভারতের মধ্যপ্রদেশের নর্মদাপুরম জেলায়। বৃহস্পতিবার সকালে তিনজনের লাশ উদ্ধার করে পুলিশ।

পুলিশের বরাত ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বৃহস্পতিবার সকালে শিওনি-মালওয়া তহসিলে রেললাইনের উপর বাবা-ছেলের লাশ উদ্ধার হয়। নিহতরা হলেন- সন্দীপ লাউবংশী (৩০) এবং তার পাঁচ বছরের ছেলে দক্ষিৎ। সকাল সওয়া ৮টা নাগাদ দামাদিয়া গ্রামের কাছে রেললাইন থেকে দেহ উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। অন্যদিকে, সকাল সাড়ে ১১টা নাগাদ বাড়ি থেকে সন্দীপের স্ত্রী পূজার লাশ উদ্ধার হয়। প্রতিবেশীরাই পূজার ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 

এক প্রতিবেশী জানিয়েছেন, সকাল থেকে বাড়ির কাউকেই দেখা যাচ্ছিল না। প্রথমে ভেবেছিলেন বাড়িতে কেউ নেই। কিন্তু অনেক সময় কেটে যাওয়ার পর সাড়াশব্দ না মেলায় তাদের বাড়িতে ঢুকতেই তার স্ত্রীর ঝুলন্ত লাশ দেখতে পান। কিন্তু বাড়িতে সন্দীপ এবং তার ছেলে কেউই ছিলেন না। যখন পূজার লাশ উদ্ধারে হুলস্থুল পড়ে গিয়েছে, তখনই গ্রামে খবর আসে রেললাইন থেকে সন্দীপ এবং তার ছেলের লাশ উদ্ধারের খবর।

প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ছেলেকে খুনের পর দম্পতি আত্মহত্যা করেছেন। তবে সেটা আত্মহত্যা নাকি এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।