ব্যস্ত মহাসড়কের ধারে পড়ে ছিল মাথাবিহীন বিবস্ত্র নারীর দেহ। পুলিশের ধারণা, তাকে ধর্ষণের পর খুন করা হয়েছে। তবে সেই দেহটি কার; ঘটনার ২৪ ঘণ্টা পরও তার কোনো কূল-কিনারা করতে পারেনি পুলিশ। ঘটনাটি ঘটেছে ভারতের উত্তরপ্রদেশের কানপুরে গুজাইনির কাছে মহাসড়কে।
স্থানীয় পুলিশ জানায়, বুধবার সকালে কানপুরে গুজাইনির কাছে হাইওয়ের উপরে মাথাবিহীন বিবস্ত্র এক নারীর লাশ দেখতে পান স্থানীয়রা। হাইওয়ের উপরে এ রকম একটি দৃশ্য দেখে শিউরে উঠেছিলেন স্থানীয়রা। পুলিশ এসে তার লাশ উদ্ধার করেছে। কিন্তু নারীর পরিচয় এখনও জানতে পারেনি তারা। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, ধর্ষণ করে খুনের পর হাইওয়েতে ছুড়ে ফেলা হয়েছে লাশ।
পুলিশ সূত্রে খবর, যেখান থেকে ওই নারীর লাশ উদ্ধার করা হয়েছে তার কিছুটা দূরেই রয়েছে একটি হাসপাতাল। সেই হাসপাতালের সিসিটিভি ফুটেজে এক নারীকে ওই হাসপাতাল থেকে মঙ্গলবার রাতে বের হতে দেখা গিয়েছে। তার পরনে ছিল ধূসররঙা প্যান্ট এবং ছাপা জামা। তার পরই বুধবার সকালে এক নারীর লাশ উদ্ধার হয়। তার লাশের পাশ থেকে হাসপাতাল থেকে বের হওয়া নারীর পরনের পোশাক উদ্ধার হয়েছে। ফলে উদ্ধার হওয়া লাশ হাসপাতালের সেই নারীরই কি না, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
এর উত্তর খুঁজে বের করতে এবং দুষ্কৃতকারীদের ধরতে পুলিশের তিনটি দল গঠন করা হয়েছে। পুলিশ সূত্রে খবর, হাসপাতালের বাইরে থাকা সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা গিয়েছে, এক নারী একা রাস্তা দিয়ে হেঁটে আসছেন। তার পরনে যে পোশাক ছিল, উদ্ধার হওয়া লাশের পাশে সেই পোশাক মিলেছে।
তবে পুলিশের দাবি, যেখানে লাশ পাওয়া গিয়েছে, সেই জায়গায় কোনো সিসিটিভি নেই। ফরেন্সিক বিশেষজ্ঞরাও তথ্য সংগ্রহ করার কাজ করছেন। ওই নারী স্থানীয় কি না, তাও খতিয়ে দেখছে পুলিশ।