নগদ প্রশাসককে সাবেক এমডির হুমকির অভিযোগ

মোবাইলে আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান নগদে বাংলাদেশ ব্যাংকের নিযুক্ত প্রশাসককে হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এ নিয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নগদের প্রশাসক মুহম্মদ বদিউজ্জামান দিদার। জিডিতে তিনি প্রতিষ্ঠানটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক তানভীর আহমেদ মিশুকের বিরুদ্ধে অভিযোগ এনেছেন।

সরকার পরিবর্তনের পর গত ২১ আগস্ট ‘নগদ’ পরিচালনার জন্য প্রশাসক নিয়োগ করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি প্রতিষ্ঠানটি পরিচালনায় ছয়জন কর্মকর্তাকে ‘সহায়ক কর্মকর্তা’ হিসেবে নিয়োগ দেওয়া হয়। পরদিন বাংলাদেশ ব্যাংক ও ডাক বিভাগের কর্মকর্তারা নগদের কার্যালয়ে গিয়ে পুরো প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণ নেন। তবে নগদ আগের মতোই স্বাভাবিক কার্যক্রম চালাচ্ছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন।

রাজধানীর বনানী থানায় করা জিডিতে একটি ফোন নম্বর উল্লেখ করে বদিউজ্জামান দিদার বলেন, ৪ সেপ্টেম্বর নগদের সাবেক সিইও তানভীর এ মিশুক তার মোবাইল ফোনে হোয়াটসঅ্যাপের মাধ্যমে খুদে বার্তা পাঠিয়েছেন। তিনি ওই খুদে বার্তার বক্তব্যে ‘এক ধরনের হুমকি বোধ’ করছেন। সে কারণে তিনি এ বিষয়ে জিডির আবেদন করেন।

এই অভিযোগের বিষয়ে তানভীর আহমেদ মিশুকের কোনো বক্তব্য পাওয়া যায়নি। নগদে যখন প্রশাসক বসানোর সিদ্ধান্ত হয়, তখন তিনি বিদেশে অবস্থান করছিলেন বলে জানা গেছে। গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তাকে প্রকাশ্যে দেখা যায়নি।