দেশের সব সরকারি হাসপাতালে ফিজিওথেরাপিস্ট নিয়োগ ও ফিজিওথেরাপি কলেজ প্রতিষ্ঠার দাবি জানিয়েছে সম্মিলিত ফিজিওথেরাপি পেশাজীবী-শিক্ষার্থী পরিষদ। আগামী এক কর্মদিবসের মধ্যে এই দাবি পূরণ না হলে নতুন কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে সকাল থেকে বিকেল পর্যন্ত চলা অবস্থান কর্মসূচি থেকে এই দাবি জানানো হয়। গতকাল গুলশান থেকে মহাখালী অভিমুখী সড়কে তাদের এই কর্মসূচির কারণে যান চলাচল ব্যাহত হয়। ভোগান্তিতে পড়েন ওই সড়ক ব্যবহারকারী যানবাহনের চালক ও যাত্রীরা।
অবস্থান কর্মসূচিতে পরিষদ নেতারা বলেন, ফিজিওথেরাপিস্টরা স্বাস্থ্য পেশাজীবী হওয়া সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে শিক্ষা ও সেবা প্রদানে সরকারি পর্যায়ে কোনো মডেল প্রতিষ্ঠান করেনি। ফলে দেশের ফিজিওথেরাপি চিকিৎসার সঠিক মানদণ্ড বজায় রাখা ও সাধারণ মানুষের ফিজিওথেরাপি চিকিৎসা পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে সাধারণ মানুষ কম্প্রিহেনসিভ ইনক্লুসিভ চিকিৎসা থেকে দীর্ঘদিন বঞ্চিত হয়ে আসছে।
পরিষদ নেতারা জানান, ফিজিওথেরাপিস্টদের আন্দোলনের কারণে মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (আইপিএইচ) সংলগ্ন মহাখালী মৌজার ৮ নম্বর খতিয়ানের ১৩২৫ দাগে বাংলাদেশ কলেজ অব ফিজিওথেরাপি নির্মাণের জন্য ৫ দশমিক ২৮ একর জমি বরাদ্দ দেওয়া হয়েছিল। সেই জমি নিয়ে জটিলতা সৃষ্টি হলে ২০১৭ সালে স্বাস্থ্য মন্ত্রণালয়কে দ্রুত কলেজ প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিল সরকার। কিন্তু এখন পর্যন্ত সেই কলেজ হয়নি।