অন্ধকারে গৃহবধূকে কামড়, তাড়া খেয়ে পালাল নেকড়ে

রাতের খাবার শেষে সন্তানদের নিয়ে ঘুমিয়েছিলেন ভারতের উত্তর প্রদেশের এক নারী। রাতের অন্ধকারেই ঘরের ভেতরে এসে ওই নারীর কাঁধে কামড় বসায় এক নেকড়ে। তবে টেনে নিয়ে যাওয়ার আগেই ভুক্তভোগীর চিৎকারে সজাগ হয়ে যায় গ্রামবাসীরা। তাড়া খেয়ে নারীকে ছেড়েই পালায় নেকড়েটি। ভারতের উত্তর প্রদেশ রাজ্যের বাহরাইচের সিঙ্গিয়া নাসিরপুর গ্রামে এমনই এক ঘটনা ঘটেছে। খবর ইন্ডিয়া টুডের।

জানা গেছে, গত বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় নেকড়ের আক্রমণ চলছে। এতে বেশ কয়েকজন গ্রামবাসী আহত হয়েছেন। গ্রামবাসী এবং বনকর্মীরা রাতে গ্রামে টহল দিচ্ছেন। ওই এলাকার ছয়টি নেকড়ের মধ্যে ৫টি কর্তৃপক্ষের হাতে ধরা পড়ার পর থেকে টানা চতুর্থ দিনের মতো গ্রামবাসীর ওপর হামলা চালায় প্রাণীটি। নেকড়ের অব্যাহত আক্রমণে মানুষ আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে। বন্য প্রাণীর আক্রমণে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

এদিকে, কর্তৃপক্ষ নেকড়েটিকে ধরার জন্য যথাসাধ্য চেষ্টা করছে। কিন্তু বাহরাইচে ক্রমাগত ভারী বৃষ্টিপাতের কারণে অভিযান ব্যাহত হচ্ছে। মানুষখেকো এসব নেকড়েদের ধরতে ২৫টি দল গঠন করা হয়েছে। সেই দলে রয়েছেন ১৮ জন শার্প শুটার। যে এলাকাগুলোতে নেকড়ের হামলা হচ্ছে, সেখানে স্থানীয়দের নিরাপত্তার জন্য ২০০ জন পুলিশকর্মী মোতায়েন করা হয়েছে।

সরকারি হিসাবে, নেকড়ের আক্রমণে ১০ জনের মৃত্যু হয়েছে। আহত আরও অনেকে। কর্তৃপক্ষ এ পর্যন্ত পাঁচটি নেকড়েকে আটক করেছে। তবে, আরও একটি নেকড়ে এখনো পালিয়ে বেড়াচ্ছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে।