ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে: মির্জা ফখরুল

দেশের ঐক্য বিনষ্টের চক্রান্ত চলছে উল্লেখ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যাসিবাদী হাসিনা বিরোধী আন্দোলনে আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যেন আমরা অটুট রাখতে পারি। আজকে সুপরিকল্পিতভাবে সেই ঐক্যকে বিনষ্ট করার একটি চক্রান্ত চলছে। সে বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে।

আজ শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীর বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় প্রেস ক্লাব, বিএফইউজে, ডিইউজে, ঢাকা রিপোর্টার্স ইউনিটি ও সাংবাদিক সমবায় সমিতি লিমিটেড।

মির্জা ফখরুল বলেন, বিজয় অর্জন করেছি আমাদের ছাত্র-জনতার একটা অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে। কিন্তু এই বিজয় তখনই সুসংহত হবে, যদি আমরা এটাকে ধরে রাখতে পারি, আমাদের যে ঐক্য সৃষ্টি হয়েছিল, সেই ঐক্যকে যদি আমরা অটুট রাখতে পারি। আজকে পরিকল্পিতভাবে এই ঐক্যকে বিনষ্ট করার একটা চক্রান্ত চলছে। সেটাকে আবার আমাদের রুখে দিতে হবে।

তিনি আরও বলেন, এখানে কোনও ব্যক্তি, কোনও গোষ্ঠী, কোনও দল এই মিশনকে সামনে এনে গোটা বাংলাদেশে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা যেন কেউ নস্যাৎ করতে না পারে। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

ফখরুল ইসলাম বলেন, সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী ছিলেন গণতন্ত্রের সত্যিকারের নায়ক। আমরা যখন কথা বলতে পারিনি, তখন মুশফিক আমেরিকা এবং ইউরোপে বাংলাদেশের গণতন্ত্রের মুখপাত্রের দায়িত্ব পালন করেছিলেন। এমন সন্তান বাংলার ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার।

তিনি বলেন, মুশফিক গণতন্ত্রের সত্যিকারের হিরো (নায়ক) ছিলেন। মুশফিক আমাদের কাছে, এই দেশের মানুষ ও গণতন্ত্রকামী মানুষের কাছে তিনি হিরো হিসেবে থাকবেন। আমরা যখন দেশে অত্যাচার নির্যাতনের মুখে কথা বলতে পারছিলাম না, তখন মুশফিক গণতন্ত্রকামী মানুষের পক্ষ থেকে বাংলাদেশের হয়ে বহির্বিশ্বে কণ্ঠ উচ্চকিত করেছেন। নিঃসন্দেহে তিনি মানুষের কাছে হিরো হয়ে থাকবেন।

অনুষ্ঠানে সাংবাদিক মুশফিকুল ফজল আনসারীকে ফুলেল সংবর্ধনা দেন জাতীয় প্রেসক্লাবের নেতারা। এ ছাড়া অনুষ্ঠানে বক্তৃতা করেন, সরকারি কর্মকর্তা সমিতির নেতা ড. নেয়ামত উল্যাহ, বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দচন্দ্র প্রমাণিক, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ, সৈয়দ আবদাল আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) সাবেক সভাপতি এম আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি এলাহী নেওয়াজ খান সাজু, কবি আব্দুল হাই সিকদার। ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি সভাপতি শহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক খুরশিদ আলম প্রমুখ।