পাঁচ দিনের জন্য ইন্টারনেট বন্ধের ঘোষণার পর ভারতের মণিপুর রাজ্যের কিছু অংশে ব্রডব্যান্ড ইন্টারনেট পরিষেবা চালু করা হয়েছে। এর আগে রাজ্যের রাজধানী ইম্ফলের পাঁচটি জেলায় (ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, থৌবাল, কাকচিং এবং বিষ্ণুপুর) ১০ সেপ্টেম্বর থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত ইন্টারনেট বন্ধের নির্দেশ দেওয়া হয়েছিল।
ভারতের গণমাধ্যম জানিয়েছে, মোবাইল ইন্টারনেট বন্ধের পাশাপাশি ১৩ ও ১৪ সেপ্টেম্বর স্কুল-কলেজ বন্ধ থাকবে বলে মণিপুর সরকার একটি আদেশ জারি করেছে। চলমান ছাত্র বিক্ষোভের পরিপ্রেক্ষিতে এই নির্দেশ এসেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা জানানো হচ্ছে যে রাজ্য সরকার, সরকারি সাহায্যপ্রাপ্ত, বেসরকারি এবং কেন্দ্রীয়সহ সব স্কুল ১৩ ও ১৪ সেপ্টেম্বর বন্ধ থাকবে।
এদিকে বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) মণিপুর সরকারের উচ্চতর ও কারিগরি শিক্ষা দফতরের পৃথক বিজ্ঞপ্তিতে কলেজ বন্ধের আদেশও দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মণিপুর সরকারের উচ্চ ও কারিগরি শিক্ষা বিভাগের অধীন সব সরকারি কলেজ/ সাহায্যপ্রাপ্ত কলেজ/ বেসরকারি কলেজগুলি ১৩ ও ১৪ সেপ্টেম্বর বন্ধ থাকবে।
প্রসঙ্গত, কথিত ‘ড্রোন হামলা’ এবং ওই জেলাগুলিতে ছাত্র-বিক্ষোভের পর ভুয়ো তথ্য এবং উসকানিমূলক সোশাল মিডিয়া পোস্ট রোধ করতে ইন্টারনেট পরিষেবায় বিধিনিষেধ প্রয়োগ করেছিল সরকার।
গত ১ সেপ্টেম্বর থেকে মণিপুরে জাতিগত সহিংসতায় এ পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন। নেজাহোই লুংডিম ও লিমখোলাল মেতে হত্যাকাণ্ডের জেরে গোটা রাজ্যে ব্যাপক অস্থিরতার সৃষ্টি হয়।