ছাত্র-জনতার গণ অভ্যুথানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ ও সঠিক তালিকা প্রণয়নে জেলা পর্যায়ের যাচাই-বাছাই কমিটি গঠন করা হচ্ছে। প্রত্যেক জেলায় পৃথক পৃথকভাবে গঠিত ৯ সদস্যের এই কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক ও সদস্য সচিব সিভিল সার্জন।
আজ শুক্রবার (১৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাইকরণ’ শীর্ষক এক অতি জরুরি বিজ্ঞপ্তিতে মাঠ প্রশাসনকে এই নির্দেশনা দেওয়া হয়।
নির্দেশনায় বলা হয়, সাম্প্রতিক ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে দেশের বিভিন্ন স্থানে শহীদ ও আহতদের একটি খসড়া তালিকা ডাটাবেজ স্বাস্থ্য অধিদপ্তরের এমআইএস বিভাগ প্রণয়ন করেছে। বর্ণিত শহীদদের তালিকা পুর্ণাঙ্গ করার জন্য সরেজমিনে মাঠ পর্যায়ে যাচাই করা বিশেষ প্রয়োজন। বর্ণিতাবস্থায়, মাঠ পর্যায় হতে উক্ত তালিকা সরেজমিন যাচাই-বাছাই করার লক্ষ্যে এই কমিটি গঠন করা যেতে পারে।
নির্দেশনা অনুযায়ী কমিটির সদস্যরা হবেন— সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, মেডিকেল কলেজ/জেলা সদর হাসপাতালের পরিচালক/তত্ত্বাবধায়ক, উপজেলা নির্বাহী অফিসার, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, দুই জন বৈষম্য বিরোধী ছাত্র সমন্বয়ক ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।
কমিটিকে ১৪ সেপ্টেম্বর প্রেরিত তালিকা সঠিকভাবে যাচাই—বাছাই করে পূর্ণাঙ্গ নির্ভুল তালিকা https.aforma.gle/f5nLXK4QfbRuma? এই লিংকে এবং তালিকার স্বাক্ষরিত হার্ড কপি সরকারি স্বাস্থ্য ব্যবস্থাপনা—১ শাখা, স্বাস্থ্য সেবা বিভাগ বরাবর পাঠাতে বলা হয়েছে।
কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে— ১. ছাত্র—জনতার গণ অভ্যুথানে প্রতিটি জেলার শহীদ ও আহতদের তালিকা সরেজমিন যাচাই—বাছাইকরণ। ২. প্রেরিত তালিকায় কোন তথ্য অসামঞ্জস্যপূর্ণ বা অসম্পূর্ণ থাকলে তা সঠিককরণ। ৩. ভুল তথ্য পাওয়া গেলে তা বাতিল করার সুপারিশকরণ। ৪. তালিকা বহির্ভূত কোন শহীদ এবং তার পক্ষে সঠিক তথ্য পাওয়া গেলে তা বিদ্যমান তালিকায় অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ। ৫. তালিকায় কেবলমাত্র গণ অভ্যুত্থানের পক্ষে শহীদ ও আহতদের নাম অন্তর্ভুক্ত করতে হবে।
নির্দেশনায় আরও বলা হয়, এই কার্যক্রমে ফোকাল পার্সন হিসেবে স্বাস্থ্য সেবা বিভাগের উপসচিব উম্মে হাবিবা ও মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোঃ নিকারুজ্জামান সার্বিক সহযোগিতা প্রদান করবেন।
বিজ্ঞপ্তিতে প্রস্তাবিত জেলা পর্যায়ের যাচাই—বাছাই কমিটি চূড়ান্তকরণসহ নির্ভুল তালিকা প্রণয়নের জন্য মন্ত্রিপরিষদ বিভাগের মাধ্যমে মাঠ প্রশাসনকে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদানের জন্য নির্দেশক্রমে সবিনয় অনুরোধ করা হয়।