বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা দেশ, জনগণ ও গণতন্ত্রের শত্রু। তার ক্ষমা নাই। ছাত্র গণবিপ্লবে পদত্যাগে বাধ্য হয়ে ভারতে পালিয়ে গেলেও সেখানে বসে তিনি নিত্য নতুন ষড়যন্ত্র করছেন। কাল বিলম্ব না করে শেখ হাসিনাকে দ্রুত দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে।
আজ শুক্রবার সন্ধ্যায় ময়মনসিংহের হালুয়াঘাটে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য আসলাম মিয়া বাবুলের সভাপতিত্বে ও আবু হাসনাত বদরুল কবিরের সঞ্চালনায় অনুষ্ঠিত যৌথসভায় আগামী ১৫ সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে ময়মনসিংহ নগরীতে বিএনপির র্যালি সফল করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় অন্যান্যের মধ্যে ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সদস্য হানিফ মোহাম্মদ শাকের উল্লাহ, আরফান আলী, আবু হাসনাত বদরুল কবির, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আমজাদ আলী, আলী আশরাফ, আলমগীর আলম বিপ্লব, বীর মুক্তিযোদ্ধা কাজিম উদ্দিন, চেয়ারম্যান শফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান আবদুল হাই, মিজানুর রহমান, মোনায়েম হোসেন খান খোকন, বিএনপি নেতা কাজী ফরিদ আহমেদ পলাশ, অধ্যাপক মোফাজ্জল হোসেন, হাফিজ উদ্দিন বিএসসি, ময়মনসিংহ উত্তর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা হোসনে আরা নীলু, যুবদলের সহসভাপতি আবদুল আজিজ খান, তারিকুল ইসলাম চঞ্চল, জেলা ছাত্রদলের সিনিয়র সহসভাপতি আসাদুজ্জামান আসিফ প্রমুখ বক্তব্য রাখেন।
এমরান সালেহ প্রিন্স বলেন, ভারত সরকারের সেফ হাউজে বসে শেখ হাসিনা কিভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছেন তা মোদি সরকারকে জবাব দিতে হবে। এর দায় অবশ্যই মোদি সরকারকে নিতে হবে। অন্য দেশ ফ্যাসিস্ট হাসিনাকে আশ্রয় দিতে অপরাগতা প্রকাশ করলেও ভারত তাকে অবৈধভাবে আশ্রয়-প্রশ্রয় দিয়ে দিচ্ছে। ভারত সরকার তাকে কোন স্ট্যাটাসে, কোথায় রেখেছে তা প্রকাশ্যে বলতে হবে এবং দ্রত বাংলাদেশে ফেরত পাঠাতে হবে।
তিনি বলেন, শেখ হাসিনা তার অবৈধ শাসনামলে দুর্নীতি, লুটপাট ও নিষ্ঠুর দমন-নিপীড়ন চালিয়ে গণতন্ত্র হত্যা করে গণশত্রুতে পরিণত হয়েছেন। গণবিদ্রোহে শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে গেলেও এখন প্রধানমন্ত্রীত্ব দাবি করা রাষ্ট্রদ্রোহিতার শামিল। ক্ষমতালিপ্সায় শেখ হাসিনা নিজের পাশাপাশি দেশকে ধ্বংস করেছেন। এখন দেশকে অস্থিতিশীল করতে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন।
সভায় এমরান সালেহ প্রিন্স বলেন, আন্তর্জাতিক গণতন্ত্র দিবসে শেখ হাসিনা ও আওয়ামী লীগের হরণ করা গণতন্ত্র ও দেশের মালিকানা জনগণের কাছে ফিরিয়ে দিতে অঙ্গীকারবদ্ধ হতে হবে। বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ী এবং জনসাধারণের প্রতি গণতন্ত্র ফিরিয়ে আনার সংগ্রাম অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।