ভিসা জটিলতায় পরীমণি

চিত্রনায়িকা পরীমণি কলকাতার সিনেমাতেও অভিনয় করেছেন। ‘ফেলুবকশি’ নামে এ সিনেমা নির্মাণ করেছেন পশ্চিমবঙ্গের দেবরাজ সিনহা। শুটিং শেষ হলেও এখনো বাকি সিনেমাটির ডাবিং। কিন্তু ভিসা জটিলতার কারণে ভারতে যেতে পারছেন না অভিনেত্রী।

জটিলতার কথা জানিয়ে পরীমণি বলেন, ‘আমার আগের ভিসা নেই। নতুন ভিসা পেতেও সমস্যা হচ্ছে। এখন কবে ভিসা পাব, কবে যেতে পারব, বুঝতি পারছি না। এটি আমার কলকাতার প্রথম সিনেমা। আমি চাই, দ্রুতই শেষ করে মুক্তি পাক সিনেমাটি।’ ‘ফেলুবকশি’ সিনেমার কাজ করতে গিয়ে কলকাতার আরেকটি সিনেমায় কাজের সুযোগ পেয়েছেন পরীমণি। তবে এ সিনেমার বিষয়ে এখনই বিস্তারিত জানাতে নারাজ এই অভিনেত্রী। সেক্ষেত্রে রয়েছে ভিসা জটিলতা। ফলে আগেভাগেই নাম জানিয়ে বেকায়দায় পড়তে চান না অভিনেত্রী।

পরীমণি বলেন, ‘কাজটি চূড়ান্ত করেছি। কিন্তু এখনই বিস্তারিত বলতে মানা আছে। ১০ দিন বাংলাদেশেও শুটিং হবে। শুনেছি, বাংলাদেশ থেকেই এর শুটিং শুরু হতে পারে। অনেক বড় বড় তারকা এ সিনেমায় অভিনয় করবেন। তাই আয়োজন করেই এ খবর জানানোর পরিকল্পনা করেছে প্রযোজনা প্রতিষ্ঠান।’

পরীমণি ‘রঙিলা কিতাব’ নামে একটি ওয়েব সিরিজের কাজ শেষ করেছেন। এটি নির্মাণ করেছেন ‘দেবী’ খ্যাত নির্মাতা অনম বিশ্বাস। যেখানে পরীমণিকে দেখা যাবে সুপ্তি নামে একটি চরিত্রে। গত ৮ আগস্ট এটি মুক্তির কথা ছিল। কিন্তু দেশের পরিস্থিতির কথা বিবেচনা করে মুক্তি পিছিয়েছে।