রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত 

রাজধানীর যাত্রাবাড়ীতে দায়িত্বরত এক ট্রাফিক কনস্টেবলকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। উদ্ধার করে তাকে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে ভর্তি করা হয় এ পুলিশ সদসস্যকে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) দিবাগত রাত সোয়া ৯টার দিকে যাত্রাবাড়ীর জনপদ মোড়ে এ ঘটনা ঘটে। আশরাফ আলী (৪৭) নামে ওই পুলিশ সদস্য ট্রাফিক ওয়ারী বিভাগের কর্মরত রয়েছেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এসআই) মো. মাসুদ জানান, জনপদ মোড়ে ট্রাফিক ডিউটি করছিলেন আশরাফ আলী। এসময় পিছন থেকে দুর্বৃত্ত তার পিঠে একটি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তার সহকর্মীরা গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখিয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। 

তিনি জানান, বর্তমানে জরুরি বিভাগে তার অস্ত্রোপচার চলছে। তার অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। তারা পরবর্তী ব্যবস্থা নিচ্ছেন।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ফারুক আহমেদ জানান, যাত্রাবাড়ী এলাকায় ডিউটিরত অবস্থায় ছুরিকাঘাতে এক ট্রাফিক পুলিশ সদস্য আহত হয়েছেন। এবিষয়ে বিস্তারিত জানার জন্য সেনাবাহিনীর সহযোগিতায় কাজ করা হচ্ছে।