মাঠপর্যায়ে নির্দেশনা

শহীদ ও আহতদের তালিকা যাচাইয়ে স্বাস্থ্যের কমিটি

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ ও আহতদের পূর্ণাঙ্গ এবং সঠিক তালিকা প্রণয়নে জেলা পর্যায়ে যাচাই-বাছাই কমিটি গঠন করা হচ্ছে। প্রতিটি জেলায় ৯ সদস্যের এই কমিটির সভাপতি হবেন সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক। আর সিভিল সার্জন হবেন সদস্য সচিব। অভ্যুত্থানের পক্ষে হতাহতদের নামই শুধু তালিকাভুক্ত করতে হবে বলে কমিটির কার্যপরিধিতে উল্লেখ করা হয়েছে। গতকাল শুক্রবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ ‘ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাইকরণ’ শীর্ষক এক অতিজরুরি বিজ্ঞপ্তিতে মাঠ প্রশাসনকে এই নির্দেশনা দেয়।

নির্দেশনা অনুযায়ী কমিটির সদস্যরা হবেন সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপার, মেডিকেল কলেজ/জেলা সদর হাসপাতালের পরিচালক/তত্ত্বাবধায়ক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুজন সমন্বয়ক এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে ১. প্রতিটি জেলার শহীদ ও আহতদের তালিকা যাচাই-বাছাইকরণ। ২. পাঠানো তালিকায় কোনো তথ্য অসামঞ্জস্যপূর্ণ বা অসম্পূর্ণ থাকলে তা সঠিককরণ। ৩. ভুল তথ্য পাওয়া গেলে তা বাতিলের সুপারিশ। ৪. তালিকা বহির্ভূত কোনো শহীদ এবং তার পক্ষে সঠিক তথ্য পাওয়া গেলে তা বিদ্যমান তালিকায় অন্তর্ভুক্তকরণের ব্যবস্থা গ্রহণ।