সীমান্তে জয়ন্ত হত্যার প্রতিবাদ বিজিবির

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি কিশোর জয়ন্ত কুমার সিংহের নিহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও কড়া প্রতিবাদ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশের বাংলাবান্ধা সীমান্তের ওপারে ভারতের ফুলবাড়ী আইসিপিতে বিজিবির উত্তর-পশ্চিম রিজিয়ন কমান্ডার এবং বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডারের সৌজন্য সাক্ষাৎ উপলক্ষে এক সভা হয়। সেখানে এ প্রতিবাদ জানানো হয়।

এ সময় বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার কমান্ডার জয়ন্ত কুমার সিংহ নিহত হওয়ার ঘটনাকে অনাকাক্সিক্ষত উল্লেখ করে এর জন্য দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে বিএসএফ সীমান্তে কোনো বাংলাদেশি নাগরিকের ওপর গুলি চালাবে না বলে বিজিবির প্রতিনিধিদলকে আশ্বস্ত করেন। বিজিবির ঠাকুরগাঁও সেক্টর সদর দপ্তর থেকে বৃহস্পতিবার রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বৈঠকে বিজিবির পক্ষে বিজিবির রংপুর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার শফিকুজ্জামান এবং ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ তৌহিদুর রহমানসহ বিজিবির অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বিএসএফের পক্ষে বাহিনীটির নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সুরিয়া কুমার শর্মা এবং শিলিগুড়ি ও কিশানগঞ্জ সেক্টরের ডিআইজিরাসহ বিএসএফের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।