লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৫০ বাংলাদেশি। গতকাল শুক্রবার সকাল সোয়া ৯টায় বুরাক এয়ারের চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরেছেন তারা। পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
এতে বলা হয়, দেশে ফেরা ১৫০ জন লিবিয়ার গানফুদা ডিটেনশন সেন্টারে আটক ছিলেন। পররাষ্ট্র মন্ত্রণালয়, ত্রিপলিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার প্রচেষ্টায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়েছে। দেশে ফেরার পর তাদের প্রত্যেককে ৬ হাজার টাকা, কিছু খাদ্যসমগ্রী ও মেডিকেল চিকিৎসা এবং প্রয়োজন অনুসারে অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।
চলতি বছর তিউনিশিয়া থেকে ৫ সেপ্টেম্বর চারজন, ৬ সেপ্টেম্বর ১৮ জন এবং ৬ সেপ্টেম্বর লিবিয়ার ত্রিপোলির ডিটেনশন সেন্টারে আটক ১৫৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।