ভারতের হিমাচল প্রদেশের বেশ কয়েকটি অংশে প্রবল বৃষ্টিপাত অব্যাহত থাকায় ১১৭টি রাস্তা যানবাহন চলাচলের জন্য বন্ধ রাখা হয়েছে। গত কয়েকদিন ধরে অব্যাহত বৃষ্টিপাত হচ্ছে প্রদেশটিতে, জানিয়েছেন কর্মকর্তারা।
এছাড়া শিমলা ও সিরমাউর জেলার কিছু অংশে মাঝারি ধরনের বন্যার ঝুঁকির সতর্কবার্তা দিয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর।
শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের তথ্যমতে, সিমলায় সবচেয়ে বেশি, অর্থাৎ ৮১টি, মান্ডিতে ২১টি, কাংড়ায় ১০টি, কুল্লুতে তিনটি এবং বিলাসপুর এবং সিরমাউরে একটি করে রাস্তা বন্ধ রয়েছে।
প্রতিষ্ঠানটি আর বলছে, অব্যাহত এই বৃষ্টিতে রাজ্যটিতে ৩৪টি বিদ্যুৎ এবং ১১টি পানি সরবরাহ প্রকল্প ক্ষতিগ্রস্ত হয়েছে।
রাজ্যটির কর্মকর্তারা জানিয়েছেন, জুন মাসের ২৭ তারিখ থেকে গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) পর্যন্ত চলমান বর্ষা মৌসুমে বৃষ্টি সম্পর্কিত ঘটনায় হিমাচলে ১৬৫ জন মারা গেছে এবং ৩০ জন এখনও নিখোঁজ রয়েছে। এছাড়া রাজ্যের এক হাজার ৩২৩ কোটি টাকার ক্ষতি হয়েছে।