সাতক্ষীরায় মাদকাসক্ত বখাটে যুবকের হাতুড়িপেটায় এক বুদ্ধি প্রতিবন্ধী তরুণী নিহত হয়েছেন। শনিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত বুদ্ধি প্রতিবন্ধী তরুণীর নাম টুম্পা খাতুন (২০)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার থানাঘাটা গ্রামের রেজাউল ইসলামের মেয়ে। টুম্পা সাতক্ষীরার রাজারবাগান কলেজ মাঠের পাশে অবস্থিত সুইড খাতিমুন্নেসা হানিফ লষ্কর বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয়ের ভোকেশনাল শ্রেণির ছাত্রী ছিলেন।
নিহতের বাবা রেজাউল ইসলাম বলেন, ‘সকাল ৯টার দিকে প্রতিবেশী থানাঘাটা গ্রামের ইকবাল ড্রাইভারের ছেলে মাদকাসক্ত ইলিয়াস (৩০) হাতুড়ি দিয়ে তার প্রতিবন্ধী মেয়ে টুম্পার মাথায় আঘাত করে। এতে সে গুরুতর আহত হয়। তাকে দ্রুত উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’
সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মমতাজ মুজিব বলেন, ‘হাসপাতালে আনার পথেই ওই তরুণীর মৃত্যু হয়েছে। আঘাতে তার মাথায় মারাত্মক ইনজুরি হয়েছিল।’