ভিতর রকি, প্রচন্ড সম্ভাবনাময় এ ১৯ বছরের ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে ঘটা করে দলে টেনেছিলো বার্সেলোনা। রকি নিজেও ছিলেন ব্যাপক আপ্লুত। পরিবর্তিত পরিস্থিতি সেই সম্পর্কে ধরায় ফাটল। অবশেষে এবারের দলবদলে রকির ঠাই হয় রিয়াল বেতিস তাবুতে, ধারে। গত রাতে নিজের বর্তমান ক্লাবের হয়ে খেলতে নেমে গোল করার পর খুশিতে যেন আত্মহারা হয়ে যান রকি। লেগানেসের বিপক্ষে ২-০ গোলে জেতে বেতিস।
প্রতিক্রিয়ায় বলেন, ‘আমি অত্যন্ত খুশি। আমি কখনো ভাবিনি এভাবে অভিষেক হবে এবং আমি গোল করতে পারবো। আমি সত্যি্ই অনেক খুশি।’ বেতিসে পাওওয়া স্বাগতম সম্পর্কে জানান, ‘দারুণভাবে আমাকে বরণ করা হয়েছ। আমি সকল ভক্ত এবং সেই সঙ্গে ঈশ্বরের প্রতি কৃতজ্ঞ। আমার মনে হয়েছে যেন স্বপ্ন সত্যি হলো।'
এ ম্যাচের আগে রকি ব্রাজিল অনূর্ধ্ব-২০ জাতীয় দলের হয়ে ম্যাচ খেলেন। রিয়াল বেতিস কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিও প্রশংসায় ভাসিয়েছেন তার স্ট্রাইকারকে, ‘গোলটি পাওয়ার কারণ ওর বিশ্বাস। ব্রাজিল থেকে দুটি ম্যাচ খেলে এসে জেট লেগ সামলে মাঠে এমন নৈপুণ্য দেখানো সহজ নয়। সে একজন শক্তিশালী ফুটবলার যে দ্রুত নিজের জায়গা করে নিতে পারে। একজন ভালো স্ট্রাইকারই এভাবে রিবাউন্ডের সুযোগগুলো লুফে নিতে পারেন।’
জানুয়ারিতে বার্সায় যোগ দেওয়ার পর বেশ দুঃসময় পার করেন রকি। বার্সায় দলে জায়গা পেতেন না। তার সঙ্গে বৈষম্য করা হতো বলে জানিয়েছিলেন। ৬-৭ মাস ধরে হাসতে পারেননি বলে স্বীকারও করেছিলেন রকি। কাল বেতিসের হয়ে গোল করে বাঘের মতো হুঙ্কারের ভঙ্গিতে আনন্দের ঘাটতিগুলোই পুষিয়ে নেওয়া শুরু করলেন রকি।