কোপা আমেরিকায় গেল জুনে টানা দ্বিতীয়বার শিরোপা জিতে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন ডি মারিয়া। আর্জেন্টাইন এই ফুটবলারকে নিয়ে প্রামাণ্যচিত্র 'ব্রেক দ্য ওয়াল' প্রকাশ পেয়েছে। তাতে উঠে এসেছে ডি মারিয়ার নানা বিষয়। সেখানে পাবলো আইমার এবং ডি মারিয়ার মধ্যে কাকতালীয় এক ঘটনা নিয়ে শুরু হয়েছে আলোচনা।
একটা সময় বেনফিকাতে একসঙ্গে খেলেছেন আইমার ও ডি মারিয়া। 'ব্রেক দ্য ওয়াল' এ সেটির ব্যাখ্যা করে আইমার বলেন, '২০০৮ সালে যখন আমি আসি (বেনফিকায়), সে নিয়মিত একাদশে জায়গা পেত না। পরের বছরই সে নিজেকে মেলে ধরে।' আইমার এখন আর্জেন্টিনা ফুটবল দলের সহকারী কোচ।
এরপরই প্রামাণ্যচিত্রটিতে সেই ঘটনা সামনে এসেছে। যে গল্পে জড়িয়ে আছে আইমারের ছেলে অগাস্টিনের নামও। আইমার বলেন, '(ফাইনালের) এক দিন আগে আমার ছেলে অগাস্টিন আমাকে লিখেছিল, ''আমি ভীত কিন্তু আমার বিশ্বাসও আছে।'' অগাস্টিনের সেই বিশ্বাসটা ছিল, ১-০ গোলে আর্জেন্টিনা জিতবে এবং গোলটি করবেন ডি মারিয়া। সে যা লিখে পাঠিয়েছিল, তা ছিল, ''১-০ ডি মারিয়া''।'
ছেলেকে আইমারও পাল্টা প্রতিশ্রুতি দেন। যদি ছেলের কথামতো ডি মারিয়ার গোলে আর্জেন্টিনা জেতে, তবে তিনিও তার শরীরে সেই '১-০ ডি মারিয়া' লিখে উল্কি করাবেন। ফাইনালে অগাস্টিনের সেই ভবিষ্যদ্বাণী মিলে যাওয়ায় আইমার ট্যাটু করান হাতে।