কিশোরগঞ্জের ভৈরবে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অংশ নেওয়ায় আওয়ামী লীগ কর্মীদের নির্যাতনে হাত হারানো মামুনের ঋণের টাকা পরিশোধ করে দিলেন আতিকুল ইসলাম জিয়া নামের এক যুবক। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে বৈরি আবহাওয়া উপেক্ষা করে মামুনের বাড়ি উপজেলার লক্ষ্মীপুরে এসে সংশ্লিষ্ট দুই এনজিওর মাঠকর্মীদের ডেকে এনে ঋণের ৬০ হাজার টাকা পরিশোধ করে দেন তিনি।
এর আগে গত ১২ সেপ্টেম্বর আহত মামুনকে নিয়ে দেশ রূপান্তরের দেশ পাতায় ‘আন্দোলনে গিয়ে হাতহারা মামুন’ শিরোনামে একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনটি জিয়ার নজরে এলে তিনি মামুনের ঋণ পরিশোধ করে দেওয়ার সিদ্ধান্ত নেন।
এ বিষয়ে জিয়া বলেন, মানুষ হিসেবে দায়বদ্ধতা থেকে তিনি অসহায় মামুনের পাশে দাঁড়িয়েছেন। এমন করে অন্যেরাও আর্থিক সহায়তা নিয়ে মামুনের পাশে দাঁড়ালে তিনি স্ত্রী ও দুটি শিশু সন্তানকে নিয়ে বেঁচে থাকতে পারবেন।