সবুজে পরিণত হচ্ছে সাহারা মরুভূমি

জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের ফলে ক্রমেই সবুজ হয়ে উঠছে বিশ্বের বৃহত্তম মরুভূমি সাহারা। বিজ্ঞানীরা মনে করেন মৌসুমি ঝড়ের গতিপথ পরিবর্তন হওয়ায় সাহারায় বৃষ্টিপাতের পরিমাণ ব্যাপক বৃদ্ধি পেয়েছে। জীবাশ্ম জ্বালানি দূষণের কারণে বিশ্ব উষ্ণায়ন ভূভাগের মরুভূমি প্রবণতার পাশাপাশি সবুজায়নের সম্ভাবনাও বাড়িয়ে তুলছে। সিএনএনের এক প্রতিবেদনে বিষয়টি জানা যায়।

সম্প্রতি স্যাটেলাইট চিত্রে দক্ষিণ সাহারার কিছু অংশে এই সবুজের উপস্থিতি দেখা গেছে। জলবায়ুর পরিবর্তনে কেবল মরুভূমি সবুজ হচ্ছে তা নয়, এর ফলে আটলান্টিকে ঘূর্ণিঝড়ের গতি-প্রকৃতি প্রভাবিত হয়েছে। ফলে নাইজেরিয়া, ক্যামেরুনসহ বেশ কয়েকটি আফ্রিকান দেশে বৃষ্টিপাত ও বন্যা বেড়ে গেছে।    

এ বিষয়ে জার্মানির লাইপজিগ ইউনিভার্সিটির জলবায়ু গবেষক কার্স্টেন হাউস্টেইন বলেন, ‘জলবায়ু পরিবর্তনের ফলে এমনটা ঘটছে। জলবায়ু পরিবর্তনের ফলে মরুভূমির সবুজ হয়ে যাওয়া এলাকা অন্য অংশের চেয়ে ছয় গুণ বেশি ভেজা থাকে। তাছাড়া এল নিনো (উষ্ণ সামুদ্রিক জলস্রোতের পরিবর্তন) থেকে লা নিনোর (বন্যা-খরার মতো প্রাকৃতিক দুর্যোগ) রূপান্তরের প্রভাব তো রয়েছেই।’  

সাহারার অবস্থান আফ্রিকার উত্তরাংশের বিশাল এলাকাজুড়ে। এর পূর্বে লোহিত সাগর, উত্তরে ভূমধ্যসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, দক্ষিণে শুষ্ক অঞ্চল সাহেল, আলজেরিয়া, চাদ, মিসর, লিবিয়া, মালি, মৌরিতানিয়া, মরক্কো, নাইজার, পশ্চিম সাহারা, সুদান এবং তিউনিসিয়ার বেশ কিছু অঞ্চল। সাহারার আয়তন ৯২ লাখ বর্গকিলোমিটার বা ৩৬ লাখ বর্গমাইল।