শিগগিরই চালু হচ্ছে কাজীপাড়া মেট্রো স্টেশন

ছাত্র আন্দোলনের সময় বন্ধ হয়ে যাওয়া কাজীপাড়া মেট্রোরেল স্টেশন শিগগিরই চালু হতে যাচ্ছে। এ ছাড়া শুক্রবারেও মেট্রোরেল চলাচলের ঘোষণা আসতে পারে কয়েক দিনের মধ্যে। গতকাল শনিবার ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্র্তৃপক্ষ এসব তথ্য জানিয়েছে।

ঢাকায় মেট্রোরেল নির্মাণ ও পরিচালনার দায়িত্বে থাকা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) বলছে, আগামী বুধবারই নতুন ঘোষণা আসতে পারে। গত সপ্তাহে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া মেট্রোরেল স্টেশনে মেরামতের কাজ শুরু হয়েছে। গতকাল শনিবার স্টেশন চালুর কারিগরি নানাদিক পরীক্ষা করে দেখা হয়েছে। আর শুক্রবার মেট্রোরেল চলাচল শুরু করার জন্য জনবলের কাজের পালা (রোস্টার) প্রায় ঠিক হয়ে গেছে।

ডিএমটিসিএলের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিকের চুক্তিভিত্তিক নিয়োগ গত সপ্তাহে বাতিল করে সরকার। নতুন ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মোহাম্মদ আবদুর রউফ। দায়িত্ব নিয়েই তিনি দ্রুত কাজীপাড়া স্টেশন চালু এবং শুক্রবারে মেট্রোরেল চলাচল শুরু করার ওপর জোর দিয়েছেন। ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূঁইয়া দেশ রূপান্তরকে বলেন, কাজীপাড়া স্টেশনের কাজ প্রায় শেষের দিকে। খুব শিগগিরই চালু করা হবে। সেই সঙ্গে শুক্রবারে মেট্রোরেল চলার কাজ প্রায় প্রস্তুত। সামনে সংবাদ সম্মেলনে এক সঙ্গে দুটির বিষয় জানিয়ে দেবেন মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক।