আশুলিয়ায় লাশ পোড়ানো

ডিবির সেই পরিদর্শক আরাফাত ৩ দিনের রিমান্ডে

ঢাকার সাভার উপজেলার আশুলিয়ায় ছাত্র-জনতার মিছিলে গুলি ও মরদেহ পুলিশ ভ্যানে তুলে আগুনে পোড়ানোর ঘটনায় ডিবির আরাফাত হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। গত ৫ আগস্ট সরকার পতনের দিন এ ঘটনা ঘটে। এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হলে বিষয়টি আলোচনায় আসে।

তবে গত ১১ সেপ্টেম্বর আশুলিয়া থানায় করা একটি হত্যাচেষ্টার মামলায় ঢাকা উত্তর পুলিশের গোয়েন্দা শাখার পরিদর্শক (তদন্ত) আরাফাতকে গত শুক্রবার ভোরে রাজধানী থেকে গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার সকালে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক আবু তাহের মিয়া জানান, ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাবেয়া বেগমের আদালতে আরাফাতের সাত দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে।