প্রাকৃতিক দুর্যোগে ‘গণতন্ত্র সমাবেশ’ স্থগিত বিএনপির

প্রাকৃতিক দুর্যোগের কারণে আজকের (রবিবার) ‘গণতন্ত্র সমাবেশ’ স্থগিত করেছে বিএনপি। গতকাল শনিবার রাতে রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন।

সংবাদ সম্মেলনে ডা. জাহিদ বলেন, ‘আগামীকাল (রবিবার) আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণতন্ত্র সমাবেশ করার ঘোষণা দিয়েছিলাম। কিন্তু বিরূপ আবহাওয়ার কারণে সমাবেশ স্থগিত করা হয়েছে। এ কর্মসূচি আগামী ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার অনুষ্ঠিত হবে। কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’