এমবাপ্পে-ভিনির পেনাল্টি গোলে জিতে আনচেলত্তি বললেন, জয় প্রাপ্য ছিল না

আবাবরও গোল পেলেন কিলিয়ান এমবাপ্পে। এই ফরাসি তারকার পাশাপাশি গোল পেয়েছেন ভিনিসিয়ুস জুনিয়রও। দুজনের দুটি গোলই অবশ্য এসেছে পেনাল্টি থেকে। এ দুজনের গোলে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে রিয়াল মাদ্রিদ জিতেছে ২-০ গোলে।

এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে পয়েন্টের ব্যবধানও কমিয়ে এনেছে রিয়াল। ৪ ম্যাচে ৪ জয়ে বার্সার পয়েন্ট ১২। আর ৫ ম্যাচে ৩ জয় ও ২ ড্রয়ে রিয়ালের পয়েন্ট ১১। 

আজ রাতে বার্সা মুখোমুখি হবে জিরোনার। জিরোনার মাঠে জয় পেলে রিয়ালের সঙ্গে ব্যবধান আবারও বাড়িয়ে নিতে পারবে কাতালান ক্লাবটি।

গতকাল রাতে ম্যাচ জিতলেও সোসিয়েদাদের মাঠে রিয়াল অবশ্য শুরু থেকে চ্যালেঞ্জের মুখে ছিল। এমবাপ্পে ও ভিনি একাধিকবার গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি।

রিয়ালের কাঙ্ক্ষিত গোলটি আসে ম্যাচের ৫৮ মিনিটে। পেনাল্টি থেকে লক্ষ্য ভেদ করেন ভিনি। এরপর ভিনি বক্সের ভেতর ফাউলের শিকার হলে আবারও পেনাল্টি পায় রিয়াল। তবে এবার ভিনিসিয়ুসের বদলে পেনাল্টি নেন এমবাপ্পে। নিঁখুত শটে ৭৫ মিনিটে গোল করে দলকে ২-০ গোলে এগিয়ে দেন বিশ্বকাপজয়ী এই তারকা।

দলের সঙ্গে এমবাপ্পের মানিয়ে নেওয়া নিয়েও এ সময় কথা বলেছেন আনচেলত্তি, ‘সে খুবই বিপজ্জনক এবং ভিনিসিয়ুস ও স্ট্রাইকারদের সঙ্গে তার বোঝাপড়াও খুব ভালো হচ্ছে। সে অনেক উন্নতি করছে। আমি তার খেলা অনেক পছন্দ করেছি।’

৫ ম্যাচের ৩টিতে ড্র করে শীর্ষ স্থান হারালেও গত সেপ্টেম্বরের পর থেকে লা লিগায় রিয়াল এখনো অপরাজিত। এ নিয়ে টানা ৩৭ ম্যাচে তাদের হারাতে পারেনি কোনো দল।