টরন্টো কবিতা উৎসব ২০২৪ অনুষ্ঠিত

কানাডার টরেন্টোতে অনুষ্ঠিত হলো টরন্টো কবিতা উৎসব ২০২৪ কিংবা টরন্টো পোয়েট্রি ফেস্টিভ্যাল ২০২৪। শনিবার (১৪ সেপ্টেম্বর) ২৬০ ডজ রোডস্থ টেইলর ক্রিক পার্কে উৎসবের আয়োজন করা হয়। উৎসবে অংশ নেন বাংলা ও ইংরেজী ভাষার কবি এবং আবৃত্তিকারবৃন্দ। প্রতিবছর টরন্টো কবিতা উৎসব অনুষ্ঠানের আয়োজন করার কথা জানান অন্যতম আয়োজক কবি কাজী হেলাল।

বাংলাদেশ ও কানাডার জাতীয় সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়। শনিবার দুপুর ১২টায় শুরু হওয়া অনুষ্ঠান চলে বিকাল ৫টা পর্যন্ত। অনুষ্ঠানে বাংলা ভাষায় কবিতা পাঠ করেন টরন্টোয় বসবাসরত বিখ্যাত কবি, মুক্ত আবৃত্তিকার এবং টরন্টোয় জনপ্রিয় আবৃত্তি দল অন্যস্বর ও বাচনিক। বাংলা ভাষায় কবিতা পড়েন বঙ্গবন্ধু গবেষণায় বাংলা একাডেমী পুরস্কারপ্রাপ্ত কবি সাইফুল্লাহ মাহমুদ দুলাল, কবি সুলতানা শিরিন সাজি, কবি আতোয়ার রহমান ও রাশেদ শাওন সহ বাংলাদেশ থেকে আগত কবি জামিল রায়হান প্রমুখ। ইংরেজী ভাষায় কবিতা পড়েন কানাডার ৭ম পোয়েট লরিয়েট কবি জর্জ এলিয়ট ক্লার্ক, কবি রকো ডি গিয়াকমো, কবি রির্চাড গ্রীন এবং কবি জিয়োভান্না রিক্কো। 

কবিতা ও সাহিত্য বিষয়ক আলোচনা করেন সাংবাদিক ও লেখক সুমন রহমান, লেখক সুব্রত কুমার দাশসহ আরো অনেকেই। আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিকার দিলারা নাহার বাবু, আসিফ চৌধুরী, ইত্তেলা, শাপলা শালুক সহ অন্যান্য জনপ্রিয় আবৃত্তিকার বৃন্দ।

পুরো অনুষ্ঠান জুড়ে যন্ত্রসঙ্গীতে সঙ্গত করেন বিখ্যাত যন্ত্রী রুপতনু শর্মা এবং শব্দ নিয়ন্ত্রণ করেন মামুনুর রশীদ। উৎসবের নান্দনিক অঙ্গসজ্জায় সহযোগী টরন্টোর আঁকিয়ে সংগঠন আর্ট কোয়েস্ট এবং চিত্রশিল্পী কচি রানা।

টরন্টো কবিতা উৎসব ২০২৪ এর দৃষ্টিকাড়া শৈল্পিক পোস্টার ডিজাইন করেন শিল্পী মোমেনউদ্দীন খালেদ। অনুষ্ঠানটি বাংলা ভাষায় উপস্থাপনা করেন বাচিক শিল্পী মেরী রাশেদীন এবং ইংরেজী ভাষায় উপস্থাপনা করেন সম্পূর্ণা সাহা। গ্রাফিক ডিজাইন পরিষ্ফুটন করেন রাশেদ শাওন ।

টরন্টো কবিতা উৎসবের সমাপনী বক্তব্য রাখেন অন্যতম কবি আয়োজক মেহরাব রহমান। অনুষ্ঠানের নেপথ্যকর্মী হিসাবে কাজ করেন উৎসবের অন্যতম আয়োজক কবি নয়ন হাফিজ এবং পারভেজ চৌধুরী।