বঙ্গোপসাগরে ট্রলারডুবি, দুই জেলের লাশ উদ্ধার

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে বঙ্গোপসাগরের চট্টগ্রামের আনোয়ারা উপকূলের এফবি আবদুচ ছমদ শাহ্ নামক ট্রলার ডুবির ঘটনায় দুই জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১৪ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। এর আগে দুপুর আড়াইটার দিকে কক্সবাজারের ইনানী সৈকতে ভেসে আসে মরদেহ দুইটি।

মৃত দুই জেলে হলেন- আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আবদুল করিম (৩২) ও একই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো.আজমগীর (২০) ।

এর আগে শুক্রবার সাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়ে কক্সবাজারের ইনানী সৈকতের অদূরে এফবি আবদুচ ছমদ শাহ্ নামের ট্রলার ডুবির ঘটনা ঘটে। ওই ট্রলারে মাঝিসহ ১১জন জেলে ছিলেন। এর মধ্যে ৯জন জীবিত উদ্ধার হলেও দুইজন নিখোঁজ ছিলেন।

ট্রলারের মালিক আবুল বশর বলেন, বৃহস্পতিবার সকালে উপজেলার সরেঙ্গা এলাকার শঙ্খনদ থেকে ১১ জন মাঝিমাল্লা নিয়ে মাছ শিকারের উদ্দেশ্যে সাগরে যায় ট্রলারটি। শুক্রবার বিকেলে বৈরী আবহাওয়ার কবলে পড়ে ইনানী সৈকতের অদূরে সাগরে ট্রলারটি ডুবে যায়। এ সময় আশপাশে থাকা কিছু ট্রলার এসে ৯ জনকে উদ্ধার করতে পারলেও দুইজন সাগরের ঢেউয়ে তলিয়ে যায়। পরে শনিবার বিকেলে ইনানী সৈকতে তাদের লাশ পাওয়া যায়।