সাবেক মন্ত্রী ফরহাদের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ

গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেনকে সাত দিন রিমান্ডে নেওয়া আবেদন জানিয়েছে পুলিশ।

রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা ও আদাবর থানার পরিদর্শক আব্দুল মালেক এ রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার উপস্থিতিতে শুনানি হবে।

শনিবার দিবাগত রাতে রাজধানীর ইস্কাটন এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

মামলার অভিযোগে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ৫ আগস্ট রুবেলসহ কয়েক শ ছাত্র-জনতা বেলা ১১টার দিকে আদাবর থানার রিংরোড এলাকায় প্রতিবাদী মিছিল বের করে। এ সময় পুলিশ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ, তাঁতীলীগ, কৃষকলীগ, মৎসজীবী লীগের নেতা-কর্মীরা গুলি চালালে রুবেল গুলিবিদ্ধ হয়। পরে রুবেলকে গুলিবিদ্ধ অবস্থায় নিকটস্থ একটি হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২২ আগস্ট আদাবর থানায় মামলাটি করেন রুবেলের বাবা রফিকুল ইসলাম।

এ মামলায় প্রধান আসামি করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার বোন শেখ রেহানা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, খেলোয়াড় সাকিব আল হাসান, নায়ক ফেরদৌস, ব্যারিস্টার সায়েদুল হক সুমন।