ভারতে বিপক্ষে বাংলাদেশের টেস্ট সিরিজের আগে বারবার চলে আসছে পাকিস্তানের নাম। কারণ সদ্যই পাকিস্তানের মাটিতে টেস্ট সিরিজ জিতে ফিরেছে টিম টাইগার। এবার ভারতের মাটিতেও তেমনই কিছু প্রত্যাশা সমর্থকদের। কিন্তু বাস্তবতা ভিন্ন। ভারত আর পাকিস্তান দলের শক্তিমত্তায় যোজন যোজন পার্থক্য। এই বিষয়টাই মনে করিয়ে দিলেন ভারতের সাবেক ক্রিকেটার অজয় জাদেজা।
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে গতকাল শনিবার জাদেজা বলেন, ‘জয়ের পর যে দলই যেখানে খেলতে যাক, তাদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকে। কিন্তু এই মুহূর্তে পাকিস্তান ক্রিকেট দল ও ভারত ক্রিকেট দলের মধ্যে অনেক পার্থক্য। পাকিস্তানের চেয়ে ভারত অনেক এগিয়ে। তবে বাংলাদেশের দৃষ্টিকোণ থেকে দেখলে তারা বিশ্বাস করবে—যেহেতু পাকিস্তানকে হারানো গেছে, ভারতকে কেন নয়? কিন্তু আমরা অনেক ভালো দল, তারাও ভালো। বাংলাদেশ স্পিন ভালো খেলে, কন্ডিশনও মানানসই।’
সর্বশেষ ভারত সফরের দুই টেস্টেই ইনিংস ব্যবধানে হেরেছিল বাংলাদেশ। এবার বাংলাদেশের বিপক্ষে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে ভারত। নতুন কোচ গৌতম গম্ভীরের অধীনে এটাই তাদের প্রথম টেস্ট সিরিজ হতে যাচ্ছে। গম্ভীরকে নিয়ে জাদেজা বলেন, ‘এটা স্পষ্ট, গম্ভীরের কৌশল আক্রমণাত্মক। ও থাকলে কোনো নিস্তেজ মুহূর্ত থাকবে না, এটা নিশ্চিত। ও নতুন কিছু চেষ্টা করবে। ওর যেটা বিশ্বাস, সে অনুযায়ী কাজ করবে।’