যুক্তরাজ্যে যাওয়ার সময় নৌকা ডুবে ৮ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু

ফ্রান্স থেকে ইংলিশ চ্যানেল পার হয়ে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টাকালে  রাতারাতি অন্তত আটজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ফরাসি পুলিশ। স্থানীয় সময় শনিবার বেলা ১টার দিকে পাস-দে-ক্যালাইসের বোলোন-সুর-মেরের উত্তরে দুর্ঘটনায় পড়ে নৌকাটি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনায় পড়ার আগেই ওই নৌকাটিকে সতর্ক করেছিলেন উদ্ধারকারীরা। এতে ৫০ জনের মতো আরোহী ছিলেন। ফ্রান্স থেকে যুক্তরাজ্যে যাওয়ার চেষ্টা করছিলেন তারা। উপকূল ছেড়ে যাওয়ার কিছুক্ষণ পরই ডুবতে শুরু করে ওই নৌযানটি।

প্রতিবেদনে বলা হয়, অভিবাসী বহনকারী ছয় শিশু ও এক অন্তঃসত্ত্বা নারীসহ ১২ জন ডুবে মারা যাওয়ার দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে চ্যানেলটিতে ফের দুর্ঘটনা ঘটল। 

যুক্তরাজ্য সরকারের একজন মুখপাত্র নৌকাডুবিতে প্রাণহানির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ফরাসি কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্তের নেতৃত্ব দিচ্ছে। সর্বশেষ ৮ জনের মৃত্যুর ঘটনায় চলতি বছরে ইংল্যান্ডে পাড়ি দেওয়ার চেষ্টার সময় মারা যাওয়া অভিবাসীর সংখ্যা ৪৫ জনে পৌঁছেছে।