সতর্কতা-শঙ্কা তোয়াক্কা না করে উত্তাল সমুদ্রে পর্যটকরা

নিম্নচাপের কারণে উত্তাল হয়ে রয়েছে বঙ্গোপসাগর, চলছে টানা বর্ষণ। এ অবস্থায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে গোসলে নামছেন পর্যটকরা। ঢেউয়ের তালে তালে মেতেছেন হাজারও পর্যটক। তবে তাদের নিরাপদে থাকতে মাইকিং করছে ট্যুরিস্ট পুলিশ। কিন্তু সবকিছু উপেক্ষা করে পর্যটকরা ঢেউয়ের তালে গোসলে মেতেছেন। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় কোনো দুর্ঘটনা।

রবিবার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই উত্তাল ঢেউ উপভোগ করতে আনন্দ উল্লাসে মেতেছেন হাজারো পর্যটকরা। তবে অনেক পর্যটক নির্দেশনা মেনে সৈকতের পাশে বসেই উপভোগ করছেন উত্তাল সমুদ্রের ঢেউ। কিন্তু অধিকাংশ পর্যটকরা মানছেন না ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা।

অধিকাংশ পর্যটক মানছেন না ট্যুরিস্ট পুলিশের নির্দেশনা

আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, উত্তর-পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আকাশ ঘন মেঘাচ্ছন্ন রয়েছে। বাতাসের চাপ কিছুটা বেড়েছে। স্বাভাবিকের চেয়ে নদ-নদীর পানির উচ্চতাও কিছুটা বেড়েছে। বর্তমানে উপকূলের আকাশে কালো মেঘ জমে আছে এবং পর্যায়ক্রমে চলছে ভারী বর্ষণ।

কুয়াকাটায় বেড়াতে আসা পর্যটক সিফাত উল্লাহ বলেন, বন্ধুদের সঙ্গে নিয়ে গোসল করছি সমুদ্রে। একদিকে বৃষ্টি, অন্যদিকে ঢেউ; বেশ আনন্দ করছি। তবে পুলিশ বার বার মাইকিং করায় এবং পানির স্রোত বেশি থাকায় সৈকতের খুব কাছ থেকেই গোসল করছি।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিওনের পুলিশ সুপার আবুল কালাম আজাদ বলেন, নিম্নচাপ সৃষ্টি হওয়ায় সমুদ্র উত্তাল। তাই পর্যটকদের নিরাপদে থাকার নির্দেশ দিচ্ছি। উত্তাল ঢেউ পেয়ে অনেক পর্যটক গোসলে মেতেছেন। এজন্য মাইকিং করছি বারবার। ঝুঁকিপূর্ণ পয়েন্টগুলোতে আমাদের টিম টহলে রয়েছে। পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তায় কাজ করছে টুরিস্ট পুলিশ।

ঢেউয়ের তালে তালে মেতেছেন হাজারও পর্যটক

জেলা আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আক্তার জাহান বলেন, বৃষ্টি অব্যাহত থাকতে পারে আরও একদিন। সঙ্গে বাতাসের চাপ আরও বাড়তে পারে। আবহাওয়ার এ পরিস্থিতি আজ ও কাল পর্যন্ত অপরিবর্তিত থাকতে পারে। তবে পর্যটকদের সমুদ্রে গোসলে নামার বিষয়য়ে বাড়তি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।