ত্বকী হত্যা: কাজলের স্বীকারোক্তিমূলক জবানবন্দি, মামুন-শিপন রিমান্ডে

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার কাজল হাওলাদার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলীর আদালতে তার জবানবন্দি রেকর্ড করা হয়।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) আবদুর রশিদ জানান, ত্বকী হত্যা মামলায় একজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করেছেন আদালত।

একই সাথে ত্বকী হত্যায় গ্রেপ্তার অপর ২ আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আরও ৩ দিনের রিমান্ডে নিয়েছে র‌্যাব। রিমান্ডপ্রাপ্তরা হলেন- সাফায়েত হোসেন শিপন ও মামুন মিয়া। তাদের জিজ্ঞাসাবাদের জন্য আবারো ৫ রিমান্ডের আবেদন জানিয়ে আদালতে উপস্থিত করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী উভয় পক্ষের শুনানি শেষে ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। সেই সাথে আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করেন।

২০১৩ সালের ৬ মার্চ নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়ক থেকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় তানভীর মুহাম্মদ ত্বকীকে। এরপর ৮ মার্চ শীতলক্ষ্যা নদী সংলগ্ন কুমুদিনী খাল থেকে তার ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়।