হাসাতে পারবেন, এমন প্রেমিক চান অনন্যা পাণ্ডে 

হঠাৎ করেই প্রায় দু’বছরের সম্পর্কে ছন্দপতন! বিচ্ছেদের পথে হাঁটেন আদিত্য রায় কাপুর ও অনন্যা পাণ্ডে। শোনা গেছে, গত মার্চ মাসেই ভেঙে গেছে তাদের প্রেম। 

যদিও এর মাঝেই নাকি নতুন বসন্ত এসেছে অনন্যার জীবন। নতুন করে প্রেমে পড়েছেন অভিনেত্রী! পেশায় প্রাক্তন মডেল ওয়াকার ব্ল্যাঙ্কোকে নাকি মন দিয়েছেন অনন্যা। শুধু তাই তাই নয় ওয়াকার আম্বানিদের কর্মচারীও। নিজের প্রেম জীবন নিয়ে কী বললেন অভিনেত্রী?

ঘনিষ্ঠ সূত্রের কথায়, “অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রাক্‌-বিবাহ ক্রুজ় পার্টিতে অনন্যার সঙ্গে ওয়াকারের প্রথম দেখা। ওদের পরস্পরকে ভাল লেগেছে। বর্তমানে দু’জন দু'জনকে জানার ও বোঝার চেষ্টা করছেন। দু’জনের মধ্যে ভাল বন্ধুত্বও তৈরি হয়েছে। ওয়াকার জামনগরেই থাকেন। আম্বানিদের ‘ভন্তারা অ্যানিম্যাল পার্ক’-এ কর্মরত তিনি।”

এবার নিজের মনের মানুষ নিয়ে কথা বললেন অনন্যা। সম্প্রতি এক সাক্ষাৎকারে তার সঙ্গী কেমন হবেন সে কথা জিজ্ঞেস করতেই অনন্যা বলেন, ‘সে যেন রহস্যময় হয়। কারণ, আমিও যে রহস্যময়ী।’ এছাড়া অনন্যা জানান, তার প্রেমিক এমন কেউ হবেন যিনি তাকে হাসাতে পারবেন। তার সব থেকে কাছের বন্ধু হবেন। পাশপাশি অনন্যাকে নিজের কাজে উৎসাহও দেবেন।

সম্প্রতি ওটিটি-তে মুক্তি পেয়েছে অনন্যা অভিনীত ওয়েব সিরিজ ‘কল মি বে’। সেই সিরিজ নিয়ে সমাজমাধ্যমে প্রতিক্রিয়া দিয়েছেন ওয়াকার। ‘কল মি বে’-র পোস্টার নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ভাগ করে ওয়াকার লিখেন, ‘হেই বে’। এই পোস্ট দেখেই নেটাগরিকদের অনুমান, অনন্যা-ওয়াকার কি সম্পর্কে সিলমোহর দিয়ে দিলেন?