প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ

গত ১৪ সেপ্টেম্বর শনিবার দৈনিক দেশ রূপান্তরে প্রকাশিত ‘শতকোটির অ্যাডহক নিয়োগ’ শীর্ষক প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারভুক্ত অ্যাসোসিয়েশন নামে একটি সংগঠন। প্রতিবাদে বলা হয়েছে, এটা কোনোভাবেই দলীয় নিয়োগ বলা যায় না। কারণ লিখিত, মৌখিকসহ সব নিয়ম মেনেই এই নিয়োগ সম্পন্ন হয়। ওই নিয়োগে সব দলের চিকিৎসক আছেন। স্বাচিপের যেই টাকা লেনদেন তা আমরা অবগত নই। এমনকি ওই প্রতিবেদনে কীভাবে কোথায় কত টাকা লেনদেন সেটা বিস্তারিত কিছুই লেখেননি।

প্রতিবেদনে অ্যাডহকে নিয়োগ পাওয়া ২৪ চিকিৎসকের নাম উল্লেখ করায় তাদের সম্মানহানি হয়েছে বলেও প্রতিবাদে বলা হয়। আরও উল্লেখ করা হয়, ডিপিএম পদ এতটা ফাংশনাল পোস্ট। এখানে অ্যাডহক থাকবে না বা এই গ্রেড থাকবে না এমন নিয়ম নেই।

প্রতিবাদলিপিতে বলা হয়, স্বাস্থ্য অধিদপ্তরে অনেক চিকিৎসক। তাহলে সবাইকে কি পরিবর্তন করতে হবে? এই তালিকার বাইরে যারা, তাহলে তারা বিগত সরকারের সুবিধাভোগী নয়? কে স্বাচিপ, কে ছাত্রলীগ, কে প্রাইভেট মেডিকেল এভাবে তো পোস্টিং হয় না। তাহলে ধরে নেব, বিগত সরকারের সময় স্বাস্থ্য অধিদপ্তরের সবাই স্বাচিপ আর ছাত্রলীগ। কয়েকজন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার শুধু নাম লিখে তাদের হেয় করা হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য: প্রতিবাদ পাঠানো প্যাডে সংগঠনের কোনো ঠিকানা ও কমিটির কোনো নাম-পদ-পদবি নেই। বক্তব্যের নিচে একজনের স্বাক্ষর থাকলেও নাম নেই। অসংখ্য বানান ভুল ও অসংলগ্ন বাক্য। এই প্রতিবেদনে উল্লিখিত তথ্য খোঁজ-খবর নিয়ে, স্বাচিপের নেতা এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলে এবং জনপ্রশাসন মন্ত্রণালয় ও স্বাস্থ্য মন্ত্রণালয়ে জমা পড়া বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশনের অভিযোগ থেকে পাওয়া গেছে।