আবগারি নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রী ও আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল জামিনে মুক্ত হওয়ার দুদিন পরই মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। ছয় মাস কারাভোগ শেষে মুক্তি পান তিনি। গতকাল রবিবার দুপুরে একটি দলীয় সভায় এ ঘোষণা দেন তিনি। এ সময় কেজরিওয়াল বলেন, আগামী দুদিনের মধ্যেই তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে যাবেন। আদালতের ন্যায়বিচার পাওয়ার পর এবার মানুষের রায় চাইছেন তিনি।
নিজের পদ নিয়ে জনতার কাছে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কেজরিওয়াল। দলীয় সভায় এ নেতা বলেন, ‘জনগণের নির্দেশে আমি মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব।’ এ সময় দিল্লির জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘আমি যদি আপনাদের জন্য কাজ করে থাকি তবে আমাকে ভোট দিন।’ আগামী বছর ফেব্রুয়ারিতে দিল্লি বিধানসভার নির্বাচন হওয়ার কথা। তবে কেজরিওয়াল আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য মহারাষ্ট্র ও ঝাড়খ-ের নির্বাচনের সঙ্গে দিল্লি বিধানসভার নির্বাচন আয়োজনের আহ্বান জানান।
কেজরিওয়ালের জায়গায় কে মুখ্যমন্ত্রী হবেন সেটি এখনো নিশ্চিত হয়নি। এ তালিকায় আছেন আতিশি, রাঘব চাড্ডা, সৌরভ ভরদ্বাজসহ বেশ কয়েকজন। কেজরিওয়াল কারাগারে থাকার সময় আতিশিই সরকারের সব কার্যক্রম সামলানোয় তার নামই বেশি উচ্চারিত হচ্ছে।