শাহজালাল থেকে গ্রেপ্তার গাজীপুরের আ.লীগ নেতা

গাজীপুর মহানগর আওয়ামী লীগ নেতা কাজী আলিম উদ্দিন বুদ্দিনকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। গতকাল রবিবার সকালে বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে।

কাজী আলিম উদ্দিন বুদ্দিন গাজীপুর শহরের উত্তর ছায়াবীথি নয়াবাড়ি এলাকার বাসিন্দা। তিনি মহানগর আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও বর্তমান কমিটির সদস্য। ২০২৪ সালে জাতীয় সংসদ নির্বাচনে তিনি সাবেক প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেলের সঙ্গে গাজীপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

আলিম উদ্দিনকে বাসন থানায় হস্তান্তর করার পর একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।