নার্সদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় অবশেষে ওএসডি হলেন নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূর। রবিবার (১৫ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনে মাকসুরা নূরকে ওএসডি করার কথা জানানো হয়।
উপসচিব মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীর স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের মহাপরিচালক মাকসুরা নূরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
এর আগে গত ৮ সেপ্টেম্বর এই মহাপরিচালক নার্সিং পেশা নিয়ে কটূক্তি ও হেয় প্রতিপন্ন করায় নার্সিং সমাজ বিক্ষুব্ধ হয়। এর প্রতিবাদে গত ৯ সেপ্টেম্বর থেকে মহাপরিচালকসহ নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের সকল পরিচালক, নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রেসিডেন্ট ও রেজিস্ট্রারের অপসারণ এবং সকল-পদে উচ্চশিক্ষিত ও অভিজ্ঞ নার্স কর্মকর্তাদের পদায়নের এক দফা দাবিতে আন্দোলনে নামেন নার্সরা। অবরুদ্ধ করে রাখেন এই দুই প্রতিষ্ঠান। কোনো কর্মকর্তা অফিসে ঢুকতে পারছেন না।
এ ব্যাপারে নার্স নেতা সাব্বির মাহমুদ তিহান বলেন, নার্সদের বদলি সংক্রান্ত জটিলতা নিরসন এবং বদলি বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত সিন্ডিকেট নিয়ে কথা বলতে গেলে মহাপরিচালক মাকসুরা নূর নার্সদের সঙ্গে অপেশাদারিত্ব সুলভ আচরণ করেন। এসময় আমাদের একজন নার্স বলেন, ‘আগে বদলি সংক্রান্ত বিষয়ে কথা বলতে পারতেন না, কারণ আগে তো কোণঠাসা করে রাখা হয়েছিল তাই কথা বলতে পারিনি, এখন-তো স্বাধীনভাবে কথা বলতে পারি।’ তখন মহাপরিচালক ধমক দিয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে যান এবং বলতে থাকেন, ‘কিসের স্বাধীনভাবে কথা বলতে পারেন? কিসের আবার স্বাধীনতা?’
তিনি বলেন, এক পর্যায়ে নার্সদের উদ্দেশে মহাপরিচালক বলেন, আপনারা একটা ছোট চাকরি করেন। এখন আপনারা দ্বিতীয় শ্রেণির অফিসার হয়েছেন, শেখ হাসিনা যে আপনাদের দ্বিতীয় শ্রেণি করেছে এটাই সবচেয়ে বড় ভুল ছিল।
এই নার্স নেতা বলেন, আমরা মনে করি, তার এই বক্তব্যে নার্স ও নার্সিং পেশাকে মারাত্মকভাবে হেয়-প্রতিপন্ন করা হয়েছে যা নার্সিং সমাজকে ব্যথিত ও ক্ষুব্ধ করে তুলেছে।