ঢাকায় সাবেক মন্ত্রী নূর ও মাহবুব আলী গ্রেপ্তার 

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী ও সাবেক সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রবিবার রাতে রাজধানীর সেগুনবাগিচা ও বেইলি রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বিষয়টি দেশ রূপান্তরকে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক।

তিনি জানান, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী মাহবুব আলীকে গ্রেপ্তার করা হয়েছে। যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। আজ সোমবার তাকে আদালতে সোপর্দ করে রিমান্ড চাইবেন তদন্তকারী কর্মকর্তারা।

এদিকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূরকে বেইলী রোডের নওরতন কলোনী থেকে গ্রেপ্তার করেছে‌ মহানগর গোয়েন্দা পুলিশ। তিনি মিরপুর থানার একটি মামলার এজাহার নামীয় আসামি।

মাহবুব আলী ১৯৬১ সালের ১৭ জুলাই হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নের বানেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন। বাবা আলহাজ্ব মৌলানা আছাদ আলী এবং মা হোসনে আরা বেগম। মৌলানা আছাদ আলী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ছিলেন।

মাহবুব আলী ১৯৮৬ সালে বাংলাদেশ সুপ্রিম কোর্টে আইন পেশা শুরু করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক। তার স্ত্রী শামিমা জাফরিন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের একজন স্বনামধন্য শিক্ষিকা ছিলেন।

শেখ হাসিনা সরকারের কোনো মন্ত্রীকে গ্রেপ্তারের খবর প্রথম আসে ১৩ আগস্ট। সেদিন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক এবং সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ-বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানকে ঢাকার সদরঘাট এলাকা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ।
এরপর সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকু, সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকতকে পল্টন থানার মামলায় গ্রেপ্তার করা হয়।

এছাড়া সেনাবাহিনী থেকে সদ্য অব্যাহতি প্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল আহসানকেও গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার করা হয় সমাজকল্যাণ মন্ত্রী দীপু মনি ও সাবেক যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে।  ঢাকা-৭ আসনের প্রভাবশালী সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ও সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ গ্রেপ্তার হয়েছেন একাধিক সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী ও রাজনীতিবিদ।