দুর্ঘটনার কবলে মধুমিতা

ভূতনাথ মন্দিরে পূজা দিতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ঘটনাস্থল থেকেই এক ফেসবুক লাইভে এমনটা জানান অভিনেত্রী। এসময় তিনি জানান, ঠিক কী হয়েছিল তার সঙ্গে।

সৃষ্টিকর্তার কৃপায় প্রাণে বেঁচেছেন উল্লেখ করে ফেসবুকে মধুমিতা বললেন, ভূতনাথ মন্দিরে পূজা দিতে যাওয়ার সময়, খুবই ভয়াবহ ঘটনা ঘটে আমার সঙ্গে। আমি ড্রাইভারের পিছনের সিটে বসেছিলাম। একটা লরি আমার গাড়িতে খুব জোরে এসে ধাক্কা মারে। অনেক বাজে কিছু হতে পারত। ভগবানের কৃপায় তা হয়নি। আমি একেবারে সুস্থ রয়েছি।

অভিনেত্রী জানিয়েছেন, এই দুর্ঘটনার পরেও তিনি পূজা দিয়েছেন মন্দিরে। আর ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছেন, সব সময় সঙ্গে থাকার জন্য।

ছোটবেলা থেকেই শিবের ভক্ত মধুমিতা। যখনই সুযোগ পান শিব মন্দিরে পূজা দেন। এর আগে দেওঘরে গিয়ে বৈদ্যনাথ মন্দিরেও পূজা দিতে দেখা গিয়েছিল তাকে।