মুখোমুখি মারুফুল-কিংস, কী করবে বাফুফে

ভিয়েতনামে এএফসি অনূর্ধ্ব–২০ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বকে সামনে রেখে বয়সভিত্তিক জাতীয় দলটির প্রধান কোচ মারুফুল হক এবং দেশের শীর্ষ ক্লাব বসুন্ধরা কিংস পরস্পর মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। আজ একই দিনে মারুফুল হককে অপেশাদার উল্লেখ করে তার অধীনে নিজেদের খেলোয়াড় ছাড় না দেওয়ার বিষয় জানিয়ে বাফুফেকে চিঠি পাঠায় কিংস। অন্যদিকে উল্টো মিথ্যা অজুহাতে খেলোয়াড় আটকে রাখার দায় দিয়ে সেই চিঠির জবাবে প্রতু্যত্তর দিয়েছেন কোচ মারুফুল হক। এমন অবস্থায় তৈরি হয় সংকট। যা নিরসনে বর্তমানে বদলের হাওয়ায় ঘুরপাক খেতে থাকা বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখন কী করে সেটিই দেখার বিষয়।

ভিয়েতনামে এএফসি টুর্নামেন্টের দলে কিংসের খেলোয়াড় আছেন ৬ জন। কিন্তু চোট ও অন্যান্য কারণে কিংস ক্যাম্পে পাঠিয়েছে দুজন খেলোয়াড়কে। এতে বেশ ক্ষুব্ধ মারুফুল। কিংসের সব খেলোয়াড়কে না পাওয়ায় ওই দুজনকেও তিনি অনুশীলন করতে দেননি। ব্যাপারটি ভালোভাবে নেয়নি কিংস কর্তৃপক্ষ। অন্যদিকে মারুফুল হক তার প্রতিবাদী বিবৃতিতে জানিয়েছেন, এএফসির দল দেওয়ার সময় ঘনিয়ে আসায় ২৫ জন থেকে ২৩ জনের স্কোয়াড চূড়ান্ত করতে অপেক্ষাকৃত বেশি ম্যাচফিট খেলোয়াড় বাছাইয়ের নিমিত্তে অনুশীলনে থাকা কিংসের দুই ফুটবলার আসিফ ও মহসিনকে বাদ দিতে হয়েছে। স্কোয়াডে না থাকায় তাদের অনুশীলনেও রাখেননি কোচ মারুফুল। এছাড়া সম্প্রতি সাফ চ্যাম্পিয়ন হওয়া অনূর্ধ্ব-২০ দলটির গত ৫ সেপ্টেম্বর অনুশীলন ম্যাচের সময় নিয়ে কিংস কর্তৃপক্ষের গড়িমসির ফলে এক খেলোয়াড় ইনজুরিতে আক্রান্ত হন বলে অভিযোগ তুলেছেন কোচ মারুফুল।

এর আগে আজ বাফুফেকে পাঠানো এক চিঠিতে মারুফুল হক কোচের দায়িত্বে থাকলে নিজেদের কোনো খেলোয়াড়কে ক্যাম্পে না পাঠানোর হুমকি দিয়েছে ক্লাবটি। তাদের কথা, কয়েকজন খেলোয়াড় চোটে আক্রান্ত, তা ছাড়া নতুন রোমানিয়ান কোচ ভ্যালেরি তিতার অধীনে চলছে দলটির প্রাক্‌–মৌসুম প্রস্তুতি, তাই ধাপে ধাপেই খেলোয়াড় ছাড়ার ইচ্ছা তাদের। কিংস এমন আচরণের জন্য মারুফুল হকের শাস্তি দাবি করেছে। শাস্তি না হলে মারুফুলের অধীনে কোনো বয়সভিত্তিক দল, সিনিয়র ও নারী দলের খেলোয়াড়দের ছাড়া হবে না বলেও জানিয়ে দিয়েছে তারা।

মারুফুল হক তার প্রতিবাদ লিপিতে প্রয়োজনে দেশের স্বার্থে কোচের পদ ছেড়ে দিতেও প্রস্তুত আছেন বলে জানিয়েছেন। তবে তিনিই এখন বাফুফের সাফল্য খরা কাটানো জাতীয় পুরুষ ফুটবলের কোচ। আবার অন্যদিকে বাফুফেতে বসুন্ধরা কিংসের প্রভাবের বিষয়টিও উন্মুক্ত সত্য। এ অবস্থায় বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন জানিয়েছেন তারা দুপক্ষের চিঠিই পেয়েছেন। এবং কথা বলে বিষয়টি সমাধানের চেষ্টা করছেন। সংকট নিরসনে বাফুফে কী পদক্ষেপ নেয় সেটিই এখন দেখার বিষয়।