কাল বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধু পূর্ণিমা

দেশের অন্যান্য স্থানের মতো বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যরা আগামীকাল রাজধানীতে গভীর ভক্তি ও ঐতিহ্যবাহী উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে তাদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ‘মধু পূর্ণিমা’ উদযাপন করবেন।

বাংলাদেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা বিশেষ করে ঢাকা, চট্টগ্রাম ও তিন পার্বত্য জেলায় সেপ্টেম্বরের পূর্ণিমার দিনটিকে মধু পূর্ণিমা উৎসব বা মধু-অর্ঘ উৎসব হিসেবে পালন করেন।

এ দিনের কর্মসূচির মধ্যে রয়েছে ভোরে পবিত্র ত্রিপিটকের মঙ্গলবাণী পাঠ, সমবেত বুদ্ধ বন্দনা, জাতীয়, ধর্মীয় ও স্ব স্ব সংগঠনের পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পঞ্চশীল ও উপসথ শীল গ্রহণ, ভিক্ষু সংঘের পণ্ডদান, উপসথ শীলধারীদের মধ্যহৃভোজ গ্রহণ, মধু পূর্ণিমার তাৎপর্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান, আলোক সজ্জা, বুদ্ধ কীর্তন, সন্ধ্যা কালীন প্রদীপ পূজা, দেশের শান্তি ও সমৃদ্ধি এবং জীব জগতের মঙ্গল কামনায় সমবেত প্রার্থনা।

নগরীর কমলাপুর ধর্মরাজিক বৌদ্ধ বিহার, বাড্ডায় আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, সাভারের আশুলিয়া বিদর্শন ভাবনা কেন্দ্র ও মিরপুরের আদিবাসী বৌদ্ধ মন্দিরসহ শহরের অন্যান্য বৌদ্ধ মন্দিরে প্রধান ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

এ ছাড়া চট্টগ্রামের নন্দনকানন বৌদ্ধ মন্দির, কাতালগঞ্জ নবপণ্ডিত বিহার, দেবপাহাড়ের পূর্ণচর আন্তর্জাতিক বৌদ্ধ বিহার, মোগলটুলী শ্মশান ভূমি শাক্যমুনি বিহার, আগ্রাবাদ ও চান্দগাঁও বিশ্বমৈত্রী বিহারে। সমস্ত মঠে দেশ, জাতি ও সারা বিশ্বের অব্যাহত শান্তি ও অগ্রগতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হবে।