গুরুদাসপুরে ডাকাতির সময় বৃদ্ধকে কুপিয়ে হত্যা, আটক ৩

নাটোরের গুরুদাসপুরে ডাকাতির সময় ডাকাতের আঘাতে হারেছ প্রামাণিক (৭২) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তাঁর স্ত্রী মোছাম্মদ অলেদা (৬০) । ঘটনাস্থল থেকে তিন ডাকাতকে আটক করেছে পুলিশ ও সেনাবাহিনী। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃচাপিলা গ্রামের মৃত্যু ময়েন উদ্দিনের ছেলে হারেছ প্রামাণিক (৭২) ভোরে ফজরের নামাজ পড়ার জন্য ঘর থেকে বের হলে কয়েকজন দুষ্কৃতকারী তাকে আক্রমণ করে। প্রতিরোধ করতে গেলে তাকে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আঘাত করতে থাকে ডাকাতরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। এ সময় হারেছের স্ত্রী মোছাম্ম অলেদা (৬০) ঘর থেকে বের হলে তাকেও আক্রমণ করা হয়। তাকে গুরুতর অবস্থায় রামেকে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তিন ভরি সোনা ও গুরত্বপূর্ণ জিনিসপত্র নিয়ে যায় ডাকাতরা।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ ও সেনাবাহিনী। এসময় তিন ডাকাতকে আটক করেন তারা। আটককৃতরা হলেন: চাপিলার গজেন্দ্র গ্রামের মোজাম প্রামাণিকের ছেলে মনিরুল ইসলাম (২২), ধানুড়া মিল্কি গ্রামের ইউসুফ আলীর ছেলে মাসুদ (২৭) এবং একই গ্রামের মমিনের ছেলে সুমন (২৬) তারা গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের। পুলিশ ও সেনাবাহিনী বাকি ডাকাতদের আটকের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এই ঘটনায় স্থানীয়রা তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং দ্রুত অপরাধীদের বিচারের দাবি জানিয়েছেন।

গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. উজ্জ্বল হোসেন ঘটনাটি নিশ্চিত করে বলেন, ডাকাতদলের তিন সদস্য আটক রয়েছে। বাকী সদস্যদের আটকের চেষ্টা চলছে।